সেত্তেবেলো নামের জাহাজে মার্কিন হামলার দৃশ্য। ছবি: সংগৃহীত

ভারতীয় নাবিকদের জাহাজে মার্কিন হামলা, ৪৮ ঘণ্টায় দ্বিতীয়বার দূত তলব

Share

ওমান উপকূলের কাছে বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ৪৮ ঘণ্টার মধ্যে দ্বিতীয়বার মার্কিন দূতকে তলব করেছে ভারত। শুক্রবার (১২ জুন) যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ কূটনীতিককে ডেকে কড়া প্রতিবাদ জানায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (১১ জুন) ওমান উপকূলে এমটি সেত্তেবেলো নামের একটি বাণিজ্যিক জাহাজে হামলা চালায় মার্কিন বাহিনী। জাহাজটিতে অন্তত ২০ জন ভারতীয় নাবিক ছিলেন। এই হামলায় হতাহতের ঘটনা না ঘটলেও এর আগে একই এলাকায় অপর একটি হামলায় তিন ভারতীয় নাবিক নিহত হয়েছিলেন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, চার দিনের মধ্যে ওমান উপকূলের কাছে ভারতীয় ক্রু পরিচালিত তিনটি বিদেশি পতাকাবাহী বাণিজ্যিক জাহাজে মার্কিন বাহিনী হামলা চালিয়েছে। তিনি বলেন, মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স জেসন মিকসকে তলব করে গভীর উদ্বেগ জানানো হয়েছে এবং এসব সামরিক পদক্ষেপ অবিলম্বে বন্ধের দাবি জানানো হয়েছে। তিনি আরও বলেন, সংঘাতের একমাত্র সমাধান হলো সংলাপ ও কূটনীতি এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী হরমুজ প্রণালিতে নিরবচ্ছিন্ন নৌচলাচল নিশ্চিত করা উচিত।

উল্লেখ্য, হরমুজ প্রণালিতে ইরানের বিধিনিষেধের কারণে উপসাগরীয় অঞ্চলে আটকে থাকা জাহাজগুলোতে প্রায় ২০ হাজার নাবিক অবস্থান করছেন বলে ধারণা করা হচ্ছে। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত অন্তত ১১ জন নাবিক নিহত হয়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা (আইএমও)।

সূত্র: এনডিটিভি