তিনতন্ত্র আন্তর্জাতিক ডেস্ক | মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যানথ্রপিক তাদের জনপ্রিয় চ্যাটবট ‘ক্লদ’ (Claude)-এর নতুন ও অত্যন্ত শক্তিশালী এআই সফটওয়্যারগুলোর অ্যাক্সেস আকস্মিকভাবে বন্ধ করে দিয়েছে। মার্কিন সরকারের পক্ষ থেকে এক জরুরি রফতানি নিয়ন্ত্রণ নির্দেশনা (Export Control Directive) পাওয়ার পর প্রতিষ্ঠানটি এই পদক্ষেপ নিতে বাধ্য হয়।
শুক্রবার এক ব্লগ পোস্টে অ্যানথ্রপিক জানায়, মার্কিন সরকারি সংস্থাগুলো তাদের নতুন এআই মডেল ‘ফেবল ৫’ (Fable 5) এবং ‘মিথোস ৫’ (Mythos 5)-এর অ্যাক্সেস সমস্ত বিদেশী নাগরিকদের জন্য স্থগিত করার নির্দেশ দিয়েছে। এই নিষেধাজ্ঞার আওতায় যুক্তরাষ্ট্রের বাইরে থাকা ব্যবহারকারীরা তো বটেই, এমনকি বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থানরত বিদেশী নাগরিক এবং খোদ অ্যানথ্রপিক-এ কর্মরত বিদেশী প্রকৌশলীরাও পড়েছেন।
হঠাৎ এই নিষেধাজ্ঞা কেন?
অ্যানথ্রপিক জানিয়েছে, শুক্রবার বিকেল ৫:২১ মিনিটে (২১:২১ জিএমটি) তারা সরকারের এই নির্দেশপত্রটি পায়। অত্যন্ত সংক্ষিপ্ত নোটিশে আসা এই চিঠিতে সরকারের সুনির্দিষ্ট নিরাপত্তা উদ্বেগের বিষয়টি বিস্তারিত ব্যাখ্যা করা হয়নি।
তবে সংশ্লিষ্ট সূত্রমতে, অ্যানথ্রপিকের ‘মিথোস’ এআই মডেলটি সফটওয়্যারের সূক্ষ্ম ত্রুটি ও নিরাপত্তা ঝুঁকি (Vulnerabilities) সনাক্তকরণে অত্যন্ত পারদর্শী। এমন কিছু ত্রুটি এই এআই খুঁজে বের করতে সক্ষম, যা গত কয়েক দশক ধরে মানুষের চোখে ধরা পড়েনি। মার্কিন প্রশাসন ও কিছু নির্বাচিত কর্পোরেট পার্টনার এতদিন তাদের সাইবার নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করতে এই প্রযুক্তি ব্যবহার করে আসছিল। কিন্তু মার্কিন নীতি নির্ধারকদের শঙ্কা, এই প্রযুক্তি যদি কোনো শত্রুভাবাপন্ন বিদেশী রাষ্ট্র বা হ্যাকারদের হাতে পড়ে, তবে তা একটি মারাত্মক ‘সাইবার উইপন’ বা সাইবার অস্ত্রে পরিণত হতে পারে।
চলতি সপ্তাহে মুক্তি পাওয়া ‘ফেবল ৫’ মডেলটি মূলত ‘মিথোস’ প্রযুক্তির ওপর ভিত্তি করেই তৈরি, তবে সাধারণের ব্যবহারের জন্য এর সাইবার-নিরাপত্তা ও বায়ো-টেকনোলজি সংক্রান্ত কিছু সংবেদনশীল ক্ষমতা আগে থেকেই লক বা ব্লক করে রাখা হয়েছিল। আর ‘মিথোস ৫’ হলো এর মূল নন-পাবলিক সংস্করণ, যা কেবল সরকারি সংস্থাগুলোর ব্যবহারের জন্য সংরক্ষিত।
অ্যানথ্রপিকের দ্বিমত এবং এআই রেস
সরকারি এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছে অ্যানথ্রপিক। তারা জানিয়েছে, যে রিপোর্টের ওপর ভিত্তি করে সরকার এই নিষেধাজ্ঞা দিয়েছে বলে তারা ধারণা করছে, সেখানে এআই-এর কোডিং পর্যালোচনা ও ত্রুটি সংশোধনের সীমিত ক্ষমতার কথা বলা হয়েছে। প্রতিষ্ঠানটির দাবি, ওপেনএআই (OpenAI)-এর ‘GPT-5.5’ সহ বাজারে থাকা প্রতিদ্বন্দ্বী অন্যান্য মডেলগুলোরও একই ধরনের ক্ষমতা রয়েছে।
অ্যানথ্রপিক জোর দিয়ে বলেছে, বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ যে সফটওয়্যার ব্যবহার করছে, তা এভাবে হুট করে বন্ধ করে দেওয়া যৌক্তিক নয়। তাছাড়া ‘ফেবল ৫’-এর নিরাপত্তা ব্যবস্থা রিলিজের আগে ব্যাপকভাবে পরীক্ষা করা হয়েছিল।
উল্লেখ্য, চলতি মাসের শুরুর দিকেই অ্যানথ্রপিক বিশ্বজুড়ে উন্নত এআই প্রযুক্তির দ্রুতগতির উন্নয়ন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল। মানুষের নিয়ন্ত্রণ হারানোর ঝুঁকি এড়াতে তারা বিশ্বের শীর্ষ এআই কোম্পানিগুলোকে সাময়িকভাবে এই খাতের উন্নয়ন গতি ধীর বা স্থগিত (Pause) করার আহ্বান জানিয়েছিল। কিন্তু সেই আহ্বানের সপ্তাহ খানেকের মাথায় এবার খোদ মার্কিন সরকারের নিষেধাজ্ঞার কবলে পড়তে হলো প্রতিষ্ঠানটিকে।
- আল জাজিরা ও রয়টার্স থেকে অনুদিত