ছবি: সংগৃহীত

শুক্রবার চুক্তি সইয়ের পর খুলবে হরমুজ প্রণালি: ট্রাম্প

Share

যুদ্ধ বন্ধে একটি শান্তিচুক্তিতে সম্মত হয়েছে ইরান ও যুক্তরাষ্ট্র। আগামী শুক্রবার সুইজারল্যান্ডে আনুষ্ঠানিকভাবে এই চুক্তি সই হওয়ার কথা রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, চুক্তি সইয়ের পর বিশ্ববাণিজ্যের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত করা হবে।

রোববার নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প আরও জানান, হরমুজ প্রণালি খুলে দেওয়ার পর এটি স্থায়ীভাবে টোলমুক্ত থাকবে। চুক্তিকে ‘মহান চুক্তি’ আখ্যায়িত করে তিনি ট্রুথ সোশ্যালে পোস্ট দিয়ে বলেছেন, এটি পুরো অঞ্চলে শান্তি ও নিরাপত্তা বয়ে আনবে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম চুক্তির ১৪টি বিষয়ের বিস্তারিত প্রকাশ করেছে। এতে ইরানের বন্দরগুলোর ওপর আরোপিত মার্কিন নৌ অবরোধ চুক্তির ৩০ দিনের মধ্যে প্রত্যাহারের বিষয়টিও রয়েছে।

তবে ট্রাম্প সতর্ক করে বলেছেন, ইরান চূড়ান্ত পারমাণবিক চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হলে আবার সামরিক হামলা শুরু হবে অথবা যুক্তরাষ্ট্র ‘মধ্যপ্রাচ্যের অভিভাবক’ হিসেবে ভূমিকা নিয়ে অঞ্চলটির রাজস্বের পাঁচ ভাগের এক ভাগ দাবি করবে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর ইরান পাল্টা জবাব দিলে সংঘাত ছড়িয়ে পড়ে। গত ১৩ এপ্রিল ইরানের বন্দরগুলোর ওপর মার্কিন নৌ অবরোধ আরোপের ফলে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল কার্যত বন্ধ হয়ে যায়। সাধারণত এই প্রণালি দিয়ে বিশ্বের প্রায় ২০ শতাংশ জ্বালানি তেল ও প্রাকৃতিক গ্যাস পরিবহন করা হয়।

সূত্র: বিবিসি, এএফপি