পুতিন ও জেলেনস্কি। ছবি : সংগৃহীত

আরও এলাকা দখলের দাবি রাশিয়ার, পাল্টা প্রতিরোধের কথা ইউক্রেনের

Share

আন্তর্জাতিক ডেস্ক, ১৬ জুন: ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক অঞ্চলে আরও একটি বসতির নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে রাশিয়া। তবে ইউক্রেনের সামরিক বাহিনী এ দাবি প্রত্যাখ্যান করে জানিয়েছে, সংশ্লিষ্ট এলাকায় রুশ হামলা প্রতিহত করা হয়েছে।

মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তাদের বাহিনী দোনেৎস্ক ওব্লাস্টের নোভিই ডনবাস গ্রাম দখল করেছে। গ্রামটি পোক্রোভস্ক শহরের উত্তরে অবস্থিত। রুশ পক্ষের দাবি, ওই এলাকায় তাদের সামরিক অভিযান অব্যাহত রয়েছে।

অন্যদিকে ইউক্রেনের জেনারেল স্টাফ জানায়, পোক্রোভস্ক ফ্রন্টের বিভিন্ন এলাকায় রুশ বাহিনীর একাধিক হামলা প্রতিহত করা হয়েছে। তাদের তথ্য অনুযায়ী, নোভিই ডনবাস এলাকাতেও সংঘর্ষ চলমান রয়েছে।

রাশিয়ার সর্বশেষ দখল দাবির বিষয়ে ইউক্রেনীয় কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কোনো মন্তব্য করেনি। চলমান যুদ্ধের কারণে যুদ্ধক্ষেত্রের তথ্য স্বাধীনভাবে যাচাই করা কঠিন হওয়ায় উভয় পক্ষের দাবির সত্যতা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।

দোনেৎস্ক অঞ্চল দীর্ঘদিন ধরেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অন্যতম প্রধান সংঘর্ষস্থল। বিভিন্ন এলাকার নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের পক্ষ থেকে প্রায়ই পরস্পরবিরোধী দাবি সামনে আসে।