যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দীর্ঘ উত্তেজনার অবসান ঘটাতে একটি যুদ্ধবিরতি চুক্তিতে সই করেছেন দুই দেশের শীর্ষ নেতারা। বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান আলাদাভাবে এই চুক্তিতে স্বাক্ষর করেন।
হোয়াইট হাউস প্রকাশিত ভিডিওতে দেখা যায়, ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁর পাশে বসে চুক্তিতে সই করেন ট্রাম্প। পরে তিনি নথি ও কলম পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর হাতে তুলে দেন। তেহরানে ইরানি সংবাদ সংস্থা ইরনা জানায়, গম্ভীর মুখে চুক্তিতে সই করেন পেজেশকিয়ান।
চুক্তির আওতায় ইরান তাদের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ কমিয়ে আনবে। এর বিনিময়ে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে আরোপিত কিছু নিষেধাজ্ঞা শিথিল করবে এবং ইরান অবাধে তেল রপ্তানির সুযোগ পাবে। একই সঙ্গে বিশ্ব জ্বালানি সরবরাহের জন্য গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি ৩০ দিনের মধ্যে পুনরায় চালু করা হবে। প্রণালিতে পেতে রাখা মাইন অপসারণের কথাও চুক্তিতে উল্লেখ রয়েছে।
এছাড়া দুই দেশের মধ্যে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা শুরু করতে ৬০ দিনের সময়সীমা নির্ধারণ করা হয়েছে এবং ইরানের পুনর্গঠনে অন্তত ৩০০ বিলিয়ন ডলার বিনিয়োগের কথা বলা হয়েছে, যা উপসাগরীয় আরব দেশগুলো দেবে বলে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।
তবে চুক্তিতে কিছু অমীমাংসিত বিষয়ও রয়েছে। লেবাননে ইসরায়েলের সামরিক উপস্থিতি নিয়ে দুই পক্ষের অবস্থান এখনো ভিন্ন। ইরান বলছে, চুক্তি অনুযায়ী ইসরায়েলকে সরে যেতে হবে, কিন্তু ইসরায়েল সেই শর্ত মানতে রাজি নয়।
সই শেষে সাংবাদিকদের উদ্দেশে ট্রাম্প বলেন, এটি একটি সমঝোতা স্মারক এবং তাঁর পছন্দ না হলে আবার সামরিক পদক্ষেপে ফেরার সম্ভাবনাও উড়িয়ে দেননি তিনি।