আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আবারও কমেছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ অবসান এবং গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় চালুর লক্ষ্যে একটি অন্তর্বর্তীকালীন সমঝোতা হওয়ায় বৈশ্বিক তেল সরবরাহ নিয়ে উদ্বেগ কমেছে। এর প্রভাবেই বাজারে স্বস্তি ফিরে এসেছে।
বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার দিনের শুরুতে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ৮৯ সেন্ট বা ১ দশমিক ১২ শতাংশ কমে ৭৮ দশমিক ৬৬ ডলারে নেমে আসে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ৯৮ সেন্ট বা ১ দশমিক ২৮ শতাংশ কমে প্রতি ব্যারেল ৭৫ দশমিক ৮১ ডলারে দাঁড়ায়।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ হরমুজ প্রণালি পুনরায় স্বাভাবিকভাবে চালু হওয়ার সম্ভাবনায় বাজারে সরবরাহ সংকটের আশঙ্কা কমেছে। ফলে আন্তর্জাতিক তেলের বাজারে দাম নিম্নমুখী হতে শুরু করেছে।
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক উত্তেজনা আরও কমে গেলে এবং যুদ্ধবিরতির পরিস্থিতি স্থায়ী হলে আগামী দিনগুলোতেও অপরিশোধিত তেলের দাম আরও কমার প্রবণতা অব্যাহত থাকতে পারে।
সূত্র: রয়টার্স