ছবি: সংগৃহীত

কলকাতা বিমানবন্দরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূল-বিজেপি সংঘর্ষ

Share

কলকাতা বিমানবন্দরের বাইরে শুক্রবার রাতে তৃণমূল ও বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতিজা অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লি থেকে বিমানে কলকাতা ফেরার ঘটনাকে কেন্দ্র করেই তৈরি হয় এই উত্তেজনাকর পরিস্থিতি।

জানা গেছে, অভিষেককে লক্ষ্য করে পচা ডিম ছোঁড়ার পরিকল্পনা নিয়ে বিমানবন্দরের গেটের বাইরে উপস্থিত হন বিজেপি কর্মী-সমর্থকরা। পাল্টা ভিড় জমান কালীঘাট থেকে আসা তৃণমূল সমর্থকরাও। এরপরই দুই পক্ষের মধ্যে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং ব্যাপক হাতাহাতি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রচুর পুলিশ মোতায়েন করা হয় এবং ঝামেলা এড়াতে বিমানবন্দরের অন্য গেট দিয়ে বের করা হয় অভিষেককে।

এই ঘটনায় বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণাত্মক অবস্থান নিয়েছে তৃণমূল কংগ্রেস। দলের এক্স হ্যান্ডেলে ঘটনার ভিডিও পোস্ট করে তাদের অভিযোগ, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে খুনের চেষ্টার পরিকল্পনা করেছিল বিজেপির সমর্থকরা। তবে শুক্রবার রাত পর্যন্ত এ বিষয়ে বিজেপির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

উল্লেখ্য, এদিন লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে বৈঠক করতে দিল্লি গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন তৃণমূলের আরও তিন সাংসদ কল্যাণ ব্যানার্জি, মহুয়া মৈত্র ও ডেরেক ও ব্রায়েন।