ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে আটকা ১১ হাজার নাবিককে সরাতে জাতিসংঘের উদ্যোগ

Share

মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে হরমুজ প্রণালিতে আটকে পড়া ১১ হাজারেরও বেশি নাবিককে নিরাপদে সরিয়ে নেওয়ার কার্যক্রম শুরু করেছে জাতিসংঘের আন্তর্জাতিক সমুদ্র চলাচল সংস্থা (আইএমও)। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের পর এই উদ্যোগ নেওয়া হয়েছে।

আইএমওর মহাসচিব আর্সেনিও ডোমিনগুয়েজ মঙ্গলবার এক বিবৃতিতে জানান, ইরান, ওমান ও উপসাগরীয় অঞ্চলের অন্যান্য উপকূলীয় রাষ্ট্র এবং যুক্তরাষ্ট্রের সহযোগিতায় এই কার্যক্রম পরিচালিত হবে। নাবিকদের সরিয়ে নিতে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চয়তা নিশ্চিত করা হয়েছে এবং সমুদ্রপথের পরিস্থিতিও বিস্তারিতভাবে মূল্যায়ন করা হয়েছে বলে জানান তিনি।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার পর পাল্টা প্রতিক্রিয়ায় অঞ্চলজুড়ে সংঘাত ছড়িয়ে পড়ে। যুদ্ধ পরিস্থিতিতে ইরান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ করে দিলে বহু বাণিজ্যিক জাহাজ আটকা পড়ে। গত সপ্তাহে দুই দেশের প্রেসিডেন্টরা সমঝোতা স্মারকে সই করলে পরিস্থিতির উন্নতি শুরু হয়। জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান কেপলারের তথ্য অনুযায়ী, সোমবার একদিনেই অন্তত ৩৬টি বাণিজ্যিক জাহাজ প্রণালিটি অতিক্রম করেছে, যা যুদ্ধ শুরুর পর একদিনে বিরল ঘটনা।

ওমানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, কয়েক মাস ধরে চলা আলোচনার পর এখন ধাপে ধাপে নাবিক সরানোর পরিকল্পনা বাস্তবায়ন শুরু হয়েছে। এদিকে হরমুজ প্রণালিতে নৌ চলাচল সম্পূর্ণ স্বাভাবিক করতে ফ্রান্স ও যুক্তরাজ্যের নেতৃত্বাধীন আন্তর্জাতিক উদ্যোগে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছে ডেনমার্কও।