ইরান যুদ্ধ নিয়ে রিপাবলিকান সিনেটরদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে তীব্র সমালোচনার মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল বুধবার ওই বৈঠকে রিপাবলিকান সিনেটর বিল ক্যাসিডির সঙ্গে ট্রাম্পের তীব্র বাক্যবিনিময় হয়। বৈঠকের কিছুক্ষণ পরই যুদ্ধের ব্যয় মেটাতে কংগ্রেসের কাছে ৭ হাজার কোটি ডলার অতিরিক্ত বরাদ্দ চায় ট্রাম্প প্রশাসন।
ক্যাসিডি বলেন, গত সপ্তাহে ইরানের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারক নিয়ে প্রশাসনের আরও ব্যাখ্যা দেওয়া প্রয়োজন। তিনি সাংবাদিকদের বলেন, ‘আমাদের যা বলা হচ্ছে, যুক্তরাষ্ট্রের জনগণের তার চেয়ে বেশি জানা প্রয়োজন। মনে হচ্ছে বিষয়টি আমাদের যেভাবে বলা হয়েছে, সেভাবে এগোচ্ছে না।’
চলতি বছরের নভেম্বরে মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ ট্রাম্পের জন্য ক্রমেই রাজনৈতিক চাপ তৈরি করছে। রয়টার্স/ইপসোসের জরিপে দেখা গেছে, প্রতি চারজন মার্কিনের মাত্র একজন মনে করেন ইরান যুদ্ধ যথার্থ ছিল। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফেরার পর ট্রাম্পের জনসমর্থন এখন সর্বনিম্ন পর্যায়ে।
সিনেটে রিপাবলিকান নেতারা পরে ইরান যুদ্ধের অবসান চেয়ে আনা একটি প্রস্তাব ঠেকাতে ৫০-৪৭ ভোটে পক্ষে প্রস্তাব পাস করেন, যা প্রেসিডেন্টকে সন্তুষ্ট রাখার চেষ্টার অংশ বলে মনে করা হচ্ছে। এ ভোটের পর ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, ‘এই ভোটের মাধ্যমে ইরানকে সতর্কবার্তা দেওয়া হয়েছে।’
সূত্র: রয়টার্স