তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয় রাজ্যের সরকারি হাসপাতালে জন্ম নেওয়া প্রতিটি নবজাতককে এক গ্রাম ওজনের সোনার আংটি উপহার দেওয়ার ঘোষণা দিয়েছেন। ‘থাই মামান গোল্ড রিং স্কিম’ নামে এই প্রকল্পের জন্য বছরে ৭৫৫ কোটি ৮৩ লাখ রুপি বরাদ্দ করবে রাজ্য সরকার।
গত ২২ জুন, অর্থাৎ মুখ্যমন্ত্রী বিজয়ের জন্মদিন থেকে সরকারি হাসপাতালে জন্ম নেওয়া শিশুরা এই সুবিধার আওতায় আসবে। তবে প্রকল্পটির আনুষ্ঠানিক উদ্বোধন হবে আগামী ১৫ সেপ্টেম্বর, দ্রাবিড় নেতা পেরারিঞার আন্নার জন্মবার্ষিকীতে। দ্রুত দরপত্র প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই উদ্যোগের অনুপ্রেরণা এসেছে তামিল সংস্কৃতির ‘থাই মামান সির’ ঐতিহ্য থেকে, যেখানে নবজাতককে আশীর্বাদ ও উপহার দেন শিশুর মামা। নতুন প্রকল্পে সরকার প্রতীকীভাবে সেই মামার ভূমিকা পালন করবে। একদিকে তামিল সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ, অন্যদিকে নবজাতকদের প্রতি রাষ্ট্রের ভালোবাসার প্রতীক হিসেবে কাজ করবে এটি।
উল্লেখ্য, ‘থাই মামান গোল্ড রিং স্কিম’ ছিল বিজয়ের দল তামিলাগা ভেত্রি কাঝাগমের (টিভিকে) অন্যতম প্রধান নির্বাচনী প্রতিশ্রুতি। রাজনৈতিক দলগুলো অতীতে নেতাদের জন্মদিনে ব্যক্তিগতভাবে এ ধরনের উপহার দিলেও এবারই প্রথম এটিকে সরকারি কল্যাণ প্রকল্প হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হচ্ছে।