ডেনমার্ক সরকার দেশজুড়ে মসজিদ থেকে লাউডস্পিকারে আজান সম্প্রচার নিষিদ্ধ করার সম্ভাবনা নিয়ে আইনি পর্যালোচনা শুরু করতে যাচ্ছে। নবনির্বাচিত সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ধরনের নিষেধাজ্ঞা দেশের সংবিধান ও বিদ্যমান আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না তা খতিয়ে দেখা হবে।
সরকারের প্রতিনিধি ও সোশ্যাল ডেমোক্র্যাটস পার্টির নেতা মর্টেন বডস্কভ বলেন, ডেনমার্কের আকাশে আজানের ধ্বনি শোনা উচিত নয় এবং এর জন্য আইনি ভিত্তি তৈরি করা সম্ভব কি না তা পরীক্ষা করবে সরকার। তাঁর দাবি, ধীরে ধীরে ‘ইসলামায়ন’ দেশটির জনপরিসরে অতিরিক্ত প্রভাব ফেলছে।
লন্ডনভিত্তিক জিবি নিউজের প্রতিবেদনে জানানো হয়, এটি তৃতীয়বারের মতো ডেনমার্কে কোনো অভিবাসনমন্ত্রী প্রকাশ্যে আজান সম্প্রচার নিষিদ্ধের আইনি উদ্যোগ নিলেন। এর আগে ২০২০ ও ২০২৫ সালেও একই ধরনের চেষ্টা করা হয়েছিল।
রাজধানী কোপেনহেগেনসহ কিছু এলাকায় শব্দদূষণবিষয়ক স্থানীয় বিধিনিষেধের কারণে এমনিতেই বাইরে লাউডস্পিকারে আজান সম্প্রচারের অনুমতি নেই। তবে দেশব্যাপী নিষেধাজ্ঞা কার্যকর করতে গেলে আইনি জটিলতার মুখে পড়তে হতে পারে, কারণ ডেনমার্কের সংবিধানে প্রকাশ্যে ধর্মীয় উপাসনার অধিকার নিশ্চিত করা হয়েছে।