প্রতি শীতে চীনের উত্তরাঞ্চলীয় শহর হারবিনে গড়ে ওঠে এক অসাধারণ বরফ নগরী। হিমায়িত নদী থেকে কেটে আনা হাজার হাজার বরফের খণ্ড দিয়ে তৈরি হয় দুর্গ, প্রাসাদ ও বিশ্বের বিখ্যাত স্মৃতিস্তম্ভের প্রতিকৃতি। কিন্তু বসন্তের আগমনের সঙ্গে সঙ্গে গলে বিলীন হয়ে যায় পুরো শহরটি। এরপর পরের শীতে আবার নতুন করে গড়া হয়।
চীনের হেইলুংচিয়াং প্রদেশের রাজধানী হারবিন বিশ্বের অন্যতম শীতলতম অঞ্চল। এখানকার তীব্র ঠান্ডা শিল্পী ও প্রকৌশলীদের বরফ দিয়ে শহর গড়ার নিখুঁত সুযোগ দেয়। এভাবেই গড়ে উঠেছে ‘হারবিন আইস অ্যান্ড স্নো ওয়ার্ল্ড’। এখানে রয়েছে বিশাল বরফের দুর্গ, দৈত্যাকার স্লাইড ও টানেল।
দিনের বেলা চমৎকার হলেও এই বরফ নগরীর আসল জাদু শুরু হয় সূর্যাস্তের পর। হাজার হাজার রঙিন এলইডি বাতি নীল, গোলাপি, সবুজ ও বেগুনি রঙে আলোকিত করে তোলে স্বচ্ছ বরফের কাঠামোগুলো। এই দৃশ্য ক্যামেরাবন্দি করতে প্রতি বছর বিশ্বের নানা প্রান্ত থেকে পর্যটকেরা ছুটে আসেন।
সাধারণত ডিসেম্বরের শেষ বা জানুয়ারির শুরুতে ‘হারবিন ইন্টারন্যাশনাল আইস অ্যান্ড স্নো ফেস্টিভ্যাল’ শুরু হয়ে ফেব্রুয়ারির শেষ পর্যন্ত চলে। এ সময় তাপমাত্রা প্রায়ই মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যায়। তবুও হাড়কাঁপানো ঠান্ডা উপেক্ষা করে প্রতি বছর লাখো পর্যটক ছুটে আসেন এই ক্ষণস্থায়ী নগরী দেখতে।
সূত্র: এনডিটিভি