লেবানন ও ইসরায়েলের মধ্যে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় স্বাক্ষরিত নতুন নিরাপত্তা কাঠামো চুক্তি প্রত্যাখ্যান করেছে হিজবুল্লাহ। চুক্তি স্বাক্ষরের একদিন পর সংগঠনটির মহাসচিব নাঈম কাসেম এটিকে ‘ইসরায়েলের কাছে আত্মসমর্পণের দলিল’ হিসেবে অভিহিত করেছেন।
শনিবার দেওয়া এক বিবৃতিতে নাঈম কাসেম দাবি করেন, চুক্তিটি কার্যকর নয় এবং এর মাধ্যমে লেবানন সরকার একতরফাভাবে ছাড় দিয়েছে, যা দেশের সার্বভৌমত্বকে ক্ষতিগ্রস্ত করেছে।
তিনি অভিযোগ করেন, ইসরায়েলি সেনা প্রত্যাহারের বিষয়টি হিজবুল্লাহর নিরস্ত্রীকরণের সঙ্গে যুক্ত করে লেবাননে ইসরায়েলের সামরিক উপস্থিতিকে কার্যত বৈধতা দেওয়া হয়েছে। তাঁর ভাষায়, এ চুক্তির মাধ্যমে ‘সব লাল রেখা’ অতিক্রম করা হয়েছে।
হিজবুল্লাহ প্রধান আরও বলেন, সংগঠনটির সশস্ত্র প্রতিরোধ অব্যাহত থাকবে। সবচেয়ে কঠিন সময়েও তারা যুদ্ধক্ষেত্র ছাড়েনি এবং ভবিষ্যতেও ছাড়বে না বলে মন্তব্য করেন তিনি।
এদিকে ইসরায়েলের দখলে থাকা এলাকায় ফিরতে না পারা বহু বাস্তুচ্যুত লেবানিজ নাগরিকের মধ্যেও চুক্তিটি নিয়ে অসন্তোষ দেখা দিয়েছে। বিশেষ করে শিয়া সম্প্রদায়ের মধ্যে ক্ষোভের কথা জানা গেছে। লেবাননের পার্লামেন্টের স্পিকার নাবিহ বেরির নেতৃত্বাধীন আমাল আন্দোলনও চুক্তিটিকে ভারসাম্যহীন বলে সমালোচনা করেছে। তাদের দাবি, এই চুক্তি ইসরায়েলের অনুকূলে বিদ্যমান পরিস্থিতিকে আরও স্থায়ী করবে।