ছবিঃ এবিসি নিউজ

জন্মসূত্রে নাগরিকত্ব বহাল রাখল মার্কিন সুপ্রিম কোর্ট, বড় ধাক্কা খেলেন ট্রাম্প

Share

জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জারি করা নির্বাহী আদেশের বিরুদ্ধে রায় দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। এই রায়কে প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য বড় পরাজয় হিসেবে দেখা হচ্ছে।

মঙ্গলবার ৬-৩ ভোটের এই রায়ে সুপ্রিম কোর্টের বিচারপতিরা নিম্ন আদালতের একটি সিদ্ধান্ত বহাল রাখেন, যে সিদ্ধান্তে ট্রাম্পের আদেশটি আগেই স্থগিত করা হয়েছিল। ট্রাম্পের ওই আদেশে মার্কিন সংস্থাগুলোকে নির্দেশ দেওয়া হয়েছিল, যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া কোনো শিশুর মা-বাবার কেউ যদি মার্কিন নাগরিক বা স্থায়ী বৈধ বাসিন্দা না হন, তবে সেই শিশুর নাগরিকত্বের স্বীকৃতি না দেওয়া হয়।

রায়টি লিখেছেন প্রধান বিচারপতি জন রবার্টস। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রে বেআইনিভাবে বা সাময়িকভাবে বসবাসরত মা-বাবার ঘরে জন্ম নেওয়া সন্তানরাও মার্কিন সংবিধান অনুযায়ী জন্মসূত্রে নাগরিক। রায়ে গৃহযুদ্ধ-পরবর্তী ১৪তম সংশোধনীর প্রসঙ্গ টেনে তিনি লিখেছেন, নাগরিকত্ব হলো রাজনৈতিক সম্প্রদায়ে অবাধে অংশগ্রহণের অধিকার এবং সংশোধনীর প্রণেতারা এই ভূখণ্ডে জন্ম নেওয়া প্রতিটি মানুষের জন্য সেই প্রতিশ্রুতি প্রসারিত করেছিলেন।

বৈধ ও অবৈধ অভিবাসনের ওপর কঠোর ব্যবস্থা নেওয়ার অংশ হিসেবে গত বছর দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই এই নির্বাহী আদেশ জারি করেছিলেন ট্রাম্প। চলতি বছর এটিই দ্বিতীয়বার যে আদালত তাঁর কোনো বড় পদক্ষেপ বাতিল করলেন, এর আগে গত ফেব্রুয়ারিতে ব্যাপক পরিসরে জারি করা তাঁর বৈশ্বিক শুল্কনীতিও বাতিল করেছিলেন আদালত।

তবে একই দিনে সুপ্রিম কোর্টের আরেকটি রায়ে ট্রাম্প কিছুটা স্বস্তি পেয়েছেন। স্কুল ও কলেজে মেয়েদের ক্রীড়া প্রতিযোগিতায় ট্রান্সজেন্ডার নারীদের অংশগ্রহণের ওপর নিষেধাজ্ঞা বহাল রেখেছেন আদালত। আইডাহো ও ওয়েস্ট ভার্জিনিয়া অঙ্গরাজ্যের প্রণীত আইনের ভিত্তিতে দায়ের করা দুটি মামলার শুনানি নিয়ে সুপ্রিম কোর্ট রায় দেন যে অঙ্গরাজ্যগুলো সরকারি স্কুল ও কলেজের ক্রীড়া দলে জন্মকালীন নিবন্ধিত লিঙ্গ অনুযায়ী প্রতিযোগিতায় অংশগ্রহণের বাধ্যবাধকতা আরোপ করতে পারবে। এই রায়কে ‘বড় জয়’ অভিহিত করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প।