ছবি : সংগৃহীত

ইরানে ১৪০ লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের হামলা, হরমুজ প্রণালিতে আরেকটি জাহাজে হামলার দাবি ইরানের

Share

হরমুজ প্রণালিতে একটি বাণিজ্যিক জাহাজে ইরানের হামলার জবাবে দেশটির অন্তত ১৪০টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। গতকাল শনিবার এক বিবৃতিতে এই দাবি করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। আজ রোববার ইরানের বিভিন্ন স্থানে নতুন করে এই হামলা শুরু করে ওয়াশিংটন, যা গত এক সপ্তাহে ইরানে যুক্তরাষ্ট্রের চালানো তৃতীয় দফার হামলা।

সেন্টকমের ভাষ্যমতে, হরমুজ প্রণালিতে সাইপ্রাসের পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) হামলা চালানোর পরই তারা এই তৃতীয় দফার পাল্টা হামলা শুরু করে। বিবৃতিতে বলা হয়েছে, স্থল, সমুদ্রভিত্তিক যুদ্ধবিমান, ড্রোন ও নৌযান থেকে নির্ভুল লক্ষ্যভেদী ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইরানের প্রায় ১৪০টি সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে। এসব লক্ষ্যবস্তুর মধ্যে রয়েছে ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণস্থল, নৌবাহিনীর বিভিন্ন স্থাপনা, গোলাবারুদের গুদাম, যোগাযোগ নেটওয়ার্ক এবং উপকূলীয় নজরদারি কেন্দ্র।

এদিকে ইরান ইতিমধ্যে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করেছে। তেহরানের দাবি, একটি জাহাজ অননুমোদিত পথ দিয়ে চলাচল করার সময় হামলা চালিয়ে সেটি থামিয়ে দেওয়া হয়। এ নিয়ে কোনো পাল্টা পদক্ষেপ নেওয়া হলে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে দেশটি। এর পরপরই আইআরজিসি দাবি করে, হরমুজ প্রণালিতে দ্বিতীয় আরেকটি জাহাজে হামলা চালিয়ে সেটিকেও অচল করে দিয়েছে তারা।

মার্কিন তৃতীয় দফার এই হামলার জবাবে জর্ডান, কাতার, কুয়েত, বাহরাইন ও ওমানসহ বিভিন্ন উপসাগরীয় দেশে অবস্থিত মার্কিন সামরিক বিমানঘাঁটি ও স্থাপনায় পাল্টা হামলা চালানোর দাবি করেছে ইরান। এই ধারাবাহিক হামলা-পাল্টা হামলায় পুরো উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে এবং পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে বলে মনে করছেন সংশ্লিষ্ট পর্যবেক্ষকরা।