REUTERS/Amanda Perobelli

ফকল্যান্ডস দ্বীপপুঞ্জ: ইতিহাস, যুদ্ধ ও নতুন করে জেগে ওঠা বিরোধ

Share

তিনতন্ত্র ডিজিটাল রিপোর্ট: আর্জেন্টিনা ও যুক্তরাজ্যের মধ্যে দক্ষিণ আটলান্টিকের ফকল্যান্ডস দ্বীপপুঞ্জ (স্প্যানিশ ভাষায় “মালভিনাস”) নিয়ে দীর্ঘদিনের সার্বভৌমত্বের বিরোধ ফের আলোচনায় এসেছে, বিশ্বকাপ ফুটবলের সেমিফাইনালে আর্জেন্টিনা-ইংল্যান্ড মুখোমুখি হওয়াকে কেন্দ্র করে।

১৯৮২ সালের যুদ্ধ: ১৯৮২ সালে আর্জেন্টিনা ফকল্যান্ডস দখল করে নিলে যুক্তরাজ্যের সঙ্গে দশ সপ্তাহব্যাপী রক্তক্ষয়ী যুদ্ধ শুরু হয়, যাতে আর্জেন্টিনা পরাজিত হয়। এর চার বছর পর ১৯৮৬ বিশ্বকাপে দিয়েগো মারাদোনার বিতর্কিত “হ্যান্ড অব গড” গোল ইংল্যান্ডকে বিদায় করে দেয়— যাকে মারাদোনা নিজেই যুক্তরাজ্যের বিরুদ্ধে “প্রতীকী প্রতিশোধ” বলে অভিহিত করেছিলেন।

নতুন উত্তেজনা: ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে হারানোর পর আর্জেন্টিনার খেলোয়াড়দের “মালভিনাসের জন্য” ইংল্যান্ডকে হারানোর গান গাইতে দেখা যায়। আর্জেন্টিনার ফরোয়ার্ড হোসে মানুয়েল লোপেজ স্বীকার করেন যে মাঠের বাইরে এই লড়াইয়ের পেছনে অনেক ইতিহাস ও যন্ত্রণা রয়েছে।

আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইর সরকারের একজন মন্ত্রী পাবলো কুইর্নো ব্রিটেনের কাছে ফকল্যান্ডস হস্তান্তর নিয়ে আলোচনার দাবি জানিয়েছেন। তিনি বলেন, সময় কোনো অবৈধ দখলদারিত্বকে বৈধ সার্বভৌমত্বে রূপান্তরিত করে না, এবং আর্জেন্টিনার আঞ্চলিক ঐক্য বিভক্ত হবে না।

কুইর্নো লা নাসিওন পত্রিকায় লেখা এক দীর্ঘ নিবন্ধেও একই অবস্থান পুনর্ব্যক্ত করেছেন। তিনি ২০১৩ সালের গণভোটকে অবৈধ আখ্যা দিয়ে বলেছেন, দ্বীপের বাসিন্দাদের দিয়ে সার্বভৌমত্ব নির্ধারণ করা যায় না।

উল্লেখ্য, ২০১৩ সালের ওই গণভোটে দ্বীপবাসীর ৯৯.৮ শতাংশ ব্রিটিশ শাসনে থাকার পক্ষে ভোট দিয়েছিলেন, যদিও আর্জেন্টিনা এই ভোটকে “সাজানো” বলে মনে করে।

যুক্তরাজ্যের প্রতিক্রিয়া: ডাউনিং স্ট্রিট স্পষ্ট জানিয়ে দিয়েছে, ফকল্যান্ডসের সার্বভৌমত্ব নিয়ে কোনো প্রশ্ন নেই। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের মুখপাত্র বলেন, ফুটবল হওয়া উচিত খেলাকেন্দ্রিক এবং মানুষকে কাছে আনার মাধ্যম।

সামরিক প্রেক্ষাপট: সম্প্রতি ব্রিটিশ রয়্যাল নেভির টহল জাহাজ এইচএমএস মেডওয়ে ফকল্যান্ডস থেকে চিলির পুন্তা আরেনাস বন্দরে নোঙর করলে আর্জেন্টিনার পররাষ্ট্র মন্ত্রণালয় এ নিয়ে আনুষ্ঠানিক বিবৃতি দেওয়ার কথা বিবেচনা করছে। এছাড়া যুক্তরাজ্যের প্রতিরক্ষা বিনিয়োগ পরিকল্পনায় রয়্যাল এয়ার ফোর্সের ইউরোফাইটার টাইফুন জঙ্গিবিমান বহর আধুনিকায়নের জন্য বিপুল ব্যয় বরাদ্দ রাখা হয়েছে।

বুধবার আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনালে লিওনেল মেসি প্রথমবারের মতো হ্যারি কেইনের নেতৃত্বাধীন ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামেছিলো— যা দুই দলের ষষ্ঠ বিশ্বকাপ মুখোমুখি লড়াই।

ম্যাচ চলাকালীন গ্যালারিতে প্রতিবাদ: আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালের সময় আর্জেন্টাইন সমর্থকরা গ্যালারিতে বড় করে একটি ব্যানার তুলে ধরেন, যাতে লেখা ছিল— “লাস মালভিনাস সন আর্জেন্টিনাস” (মালভিনাস আর্জেন্টিনার)। উচ্ছ্বসিত সমর্থকদের ভিড়ের মধ্যে মেসির ছবিসহ জার্সি, আর্জেন্টিনার পতাকা ও ব্যানারটি উঁচিয়ে ধরে মাঠের বাইরের এই বিরোধকে আবারও সামনে নিয়ে আসেন তারা। খেলার উত্তেজনার পাশাপাশি রাজনৈতিক বার্তাটিও স্পষ্টভাবে ফুটে উঠেছে গ্যালারিতে।