বেলজিয়ামে তাপপ্রবাহে প্রাণহানি বেড়ে ২ হাজার ছাড়াল

Share

চলতি বছর জুনের শেষ দিক ও জুলাইয়ের শুরুতে বেলজিয়ামে বয়ে যাওয়া প্রচণ্ড তাপপ্রবাহে মৃতের সংখ্যা প্রায় ২ হাজারে পৌঁছেছে বলে জানিয়েছে দেশটির জনস্বাস্থ্য প্রতিষ্ঠান সিয়েনসানো। শুক্রবার আগের হিসাব সংশোধন করে নতুন এই তথ্য প্রকাশ করে প্রতিষ্ঠানটি।

সংশোধিত পরিসংখ্যান অনুযায়ী, ১৮ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত সময়ে স্বাভাবিক প্রত্যাশার চেয়ে প্রায় ২ হাজার বেশি মানুষের মৃত্যু হয়েছে বেলজিয়ামে। এর আগে সিয়েনসানোর প্রাথমিক হিসাবে অতিরিক্ত মৃত্যুর সংখ্যা বলা হয়েছিল ১ হাজার ৭৪৭ জন।

মৃত্যুর সংখ্যা বেড়ে যাওয়ার কারণ ব্যাখ্যা করে প্রতিষ্ঠানটি জানায়, বহু মৃত্যুর নিবন্ধন প্রক্রিয়া বিলম্বিত হওয়ায় এবং বিশ্লেষণে আরও দুই দিনের তথ্য যুক্ত হওয়ায় চূড়ান্ত সংখ্যা বেড়েছে। কেননা তাপপ্রবাহ কেটে যাওয়ার পরও বেশ কয়েক দিন ধরে মৃত্যুহার স্বাভাবিক মাত্রার চেয়ে বেশি ছিল।

দেশের বিভিন্ন অঞ্চলের মধ্যে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির শিকার হয়েছে দক্ষিণাঞ্চলীয় ওয়ালোনিয়া। এরপরের অবস্থানে রয়েছে রাজধানী ব্রাসেলস ও উত্তরাঞ্চলীয় ফ্ল্যান্ডার্স।

সিয়েনসানোর তথ্য অনুযায়ী, ২০০০ সাল থেকে এ ধরনের তথ্য সংরক্ষণ শুরুর পর থেকে বেলজিয়ামের ইতিহাসে কোনো একক তাপপ্রবাহে এটিই সর্বোচ্চ সংখ্যক অতিরিক্ত মৃত্যুর ঘটনা। এর আগে ২০২০ সালের আগস্টে দেশটিতে তাপপ্রবাহজনিত কারণে অতিরিক্ত ১ হাজার ৫৫৭ জনের মৃত্যু হয়েছিল, যা এতদিন ছিল সর্বোচ্চ রেকর্ড।

সূত্র: আনাদোলু এজেন্সি