ফাইল ছবি

জর্ডানের আকাশসীমায় ইরানের ১০ ক্ষেপণাস্ত্র প্রতিহত

Share

শনিবার (১৮ জুলাই) ভোররাতে জর্ডানের আকাশসীমায় প্রবেশ করা ইরানের ১০টি ক্ষেপণাস্ত্র নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ভূপাতিত করার দাবি করেছে দেশটির সেনাবাহিনী। আলজাজিরার বরাতে এ তথ্য জানা গেছে।

শনিবার ভোরে দেওয়া এক বিবৃতিতে জর্ডানের সামরিক বাহিনী বলেছে, দেশের সার্বভৌমত্ব ও নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত প্রতিরক্ষামূলক কার্যক্রমের অংশ হিসেবেই ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করা হয়। সেনাবাহিনীর ভাষ্যমতে, এই ঘটনায় কোনো প্রাণহানি বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়নি।

ধ্বংসপ্রাপ্ত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ সরিয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো নিরাপদ করার কাজে ইতোমধ্যে নেমেছে জর্ডানের রয়্যাল ইঞ্জিনিয়ার্স ইউনিট।

অন্যদিকে, নতুন করে হামলার আশঙ্কায় ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশে জনগণকে অহেতুক সড়কপথে ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে স্থানীয় প্রশাসন। ইরানি বার্তা সংস্থা তাসনিমের বরাতে জানা গেছে, পরিস্থিতি পর্যালোচনা করে বিকল্প যোগাযোগ ব্যবস্থা প্রস্তুতের কাজ করছেন স্থানীয় কর্মকর্তারা।

উল্লেখযোগ্য বিষয় হলো, গত দুই রাতে হরমোজগান প্রদেশের একাধিক সেতু লক্ষ্য করে যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে। শনিবার ভোরে চালানো এসব হামলায় অন্তত তিনজনের প্রাণহানির খবর পাওয়া গেছে।