কলকাতার দমদম বিমানবন্দরের অভ্যন্তরীণ মসজিদে নামাজ আদায় বন্ধের প্রতিবাদে আয়োজিত ১ কোটি মুসল্লির জুমার নামাজ কর্মসূচি ঘিরে সংশ্লিষ্ট এলাকায় ১৪৪ ধারা জারি করেছে পশ্চিমবঙ্গ প্রশাসন।
শুক্রবার (১৭ জুলাই) সকাল থেকেই বিধাননগর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে মাইকিং করে ঘোষণা দেওয়া হয়, একসঙ্গে চারজনের বেশি মানুষ জমায়েত হতে পারবে না। নির্দেশ অমান্য করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়ে দেয় প্রশাসন।
দমদম বিমানবন্দরের দ্বিতীয় রানওয়ে–সংলগ্ন মসজিদে নামাজ আদায় বন্ধ করে দেওয়ার প্রতিবাদে মুসলিম সম্প্রদায়কে রাস্তায় নামার আহ্বান জানিয়েছিলেন পশ্চিমবঙ্গের সাবেক মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। বৃহস্পতিবার (১৬ জুলাই) এক সংবাদ সম্মেলনে তিনি বিমানবন্দর–সংলগ্ন বাঁকড়া এলাকার ৭ নম্বর গেটের সামনে মুসল্লিদের সমবেত হওয়ার অনুরোধ জানান।
সরেজমিনে দেখা গেছে, শুক্রবার সকাল থেকেই বিধাননগর পুলিশের পক্ষ থেকে চার জনের বেশি জমায়েতে নিষেধাজ্ঞা সংক্রান্ত মাইকিং চলতে থাকে এলাকাজুড়ে। মসজিদের প্রবেশপথ ও তার আশপাশের এলাকা পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর কঠোর নিরাপত্তা বেষ্টনীতে ঢেকে ফেলা হয়েছে। অবাঞ্ছিত কাউকে জমায়েত করতে দিচ্ছে না নিরাপত্তা বাহিনী।