পশ্চিম তীরে একটি অবৈধ বসতিতে কয়েকজন সশস্ত্র বসতি স্থাপনকারী। ছবি: এএফপি

পশ্চিম তীরে ইসরায়েলিদের হামলায় পুড়ল দুই মসজিদ, দেয়ালে লেখা হলো ‘প্রতিশোধ’

Share

অধিকৃত পশ্চিম তীরে দুটি মসজিদে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে। ফিলিস্তিনি কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, গত শনিবার দিবাগত রাতে নাবলুস ও তুলকারেম এলাকার দুটি মসজিদে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

নাবলুসের দক্ষিণে অবস্থিত কুসরা শহরের মেয়র আবদেল আজিম ওয়াদি এএফপিকে জানান, শহরের দক্ষিণাংশে নির্মাণাধীন একটি মসজিদে আগুন ধরিয়ে দেয় ইসরায়েলি বসতি স্থাপনকারীরা, যাতে মসজিদের প্রবেশপথ পুড়ে যায় এবং নির্মাণকাজ ক্ষতিগ্রস্ত হয়। তাঁর ভাষ্যমতে, হামলাকারীরা মসজিদের দেয়ালে হিব্রু ভাষায় বিভিন্ন উসকানিমূলক স্লোগান লিখে যায়, যার মধ্যে ছিল ‘প্রতিশোধ’ শব্দটিও।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, আগুন লাগার খবর পেয়ে তাদের সেনারা কুসরার উপকণ্ঠে পৌঁছালেও তার আগেই সন্দেহভাজনরা পালিয়ে যায়। ঘটনাস্থলে আগুনের আলামত ও দেয়াল-লিখন পাওয়া গেছে বলে জানায় সেনাবাহিনী, এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে বলে জানানো হয়।

এদিকে তুলকারেমের নিকটবর্তী কুর গ্রামে আরেকটি মসজিদে আগুন দেওয়া হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনের ধর্মবিষয়ক মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের অভিযোগ, বসতি স্থাপনকারীরা মসজিদে আগুন দেওয়ার পাশাপাশি সেখানকার দেয়ালেও বর্ণবাদী স্লোগান লিখে যায়।

এই ঘটনার আগে গত শুক্রবার পশ্চিম তীরের তেল গ্রামে বসতি স্থাপনকারী ও ফিলিস্তিনিদের মধ্যে সংঘর্ষে চারজন ফিলিস্তিনি ও দুইজন ইসরায়েলি নিহত হন। এর জেরে ইসরায়েলি সেনাবাহিনী নাবলুস শহর ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে কয়েক ডজন ফিলিস্তিনিকে আটক করে, যাকে তারা ‘সন্ত্রাসবিরোধী অভিযান’ বলে দাবি করেছে। এএফপির এক সংবাদদাতা জানান, এই উত্তেজনার জেরে নাবলুস শহরে জ্বালানিসংকট দেখা দিয়েছে এবং পেট্রলপাম্পগুলোতে দীর্ঘ সারি দেখা গেছে।

২০২৩ সালের ৭ অক্টোবর গাজা যুদ্ধ শুরুর পর থেকে পশ্চিম তীরে সহিংসতা উল্লেখযোগ্য হারে বেড়েছে। ফিলিস্তিনি কর্তৃপক্ষের হিসাবে, সে সময় থেকে এখন পর্যন্ত ইসরায়েলি সেনা বা বসতি স্থাপনকারীদের হামলায় অন্তত ১ হাজার ৯৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে সশস্ত্র যোদ্ধারাও রয়েছেন। অন্যদিকে ইসরায়েলের সরকারি তথ্য অনুযায়ী, একই সময়ে ফিলিস্তিনিদের হামলা বা ইসরায়েলি সামরিক অভিযানে অন্তত ৪৮ জন ইসরায়েলি প্রাণ হারিয়েছেন।

পূর্ব জেরুজালেম বাদ দিয়ে পশ্চিম তীরে বর্তমানে প্রায় ৩০ লাখ ফিলিস্তিনির বসবাস। একই এলাকায় আন্তর্জাতিক আইনে অবৈধ ঘোষিত বসতিগুলোতে বসবাস করছেন পাঁচ লাখের বেশি ইসরায়েলি।