ছবি: সংগৃহীত

অবসরপ্রাপ্ত বাসচালকের বাড়িতে অভিযান, মিলল ২০ কোটি রুপি-১৫ কেজি সোনা

Share

পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় অবসরপ্রাপ্ত এক সরকারি বাসচালকের বাড়ি থেকে বিপুল পরিমাণ নগদ অর্থ ও সোনা উদ্ধার করেছে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। মিনার মণ্ডল নামের ওই ব্যক্তির বাড়ি থেকে প্রায় ২০ কোটি রুপি নগদ ও ১৫ কেজি সোনার বার জব্দ করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে বীরভূমের মোহাম্মদ বাজার এলাকায় মিনার মণ্ডলের বাড়িতে অভিযান চালায় ইডি। কেন্দ্রীয় বাহিনীর বিপুলসংখ্যক সদস্যের উপস্থিতিতে টানা ১১ ঘণ্টা ধরে চলে তল্লাশি। নগদ অর্থ গোনার জন্য বাড়িতে গণনাযন্ত্রও নিয়ে যায় সংস্থাটি। পরে জব্দ করা অর্থ ও সোনা পাঁচটি ট্রাংকে ভরে নিয়ে যাওয়া হয়।

মিনার মণ্ডল উত্তরবঙ্গ সরকারি বাস পরিবহন সংস্থা নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট করপোরেশনের একজন সাবেক বাসচালক, বর্তমানে তিনি অবসরজীবন যাপন করছেন। জানা গেছে, তিনি পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের আত্মীয়। টুলু মণ্ডল আবার বীরভূমের তৃণমূল কংগ্রেসের প্রভাবশালী নেতা অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ বলে পরিচিত। উল্লেখ্য, বিধানসভা নির্বাচনে জয়ী হয়ে বিজেপি পশ্চিমবঙ্গে সরকার গঠনের পর অনুব্রত মণ্ডল তৃণমূল ছেড়ে বিদ্রোহী নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের অনুসারী তৃণমূলে যোগ দেন।

অভিযানের পর ইডি মিনার মণ্ডল ও তাঁর ছেলেকে জিজ্ঞাসাবাদ করেছে। তবে পাথর ব্যবসায়ী টুলু মণ্ডল এখনো পলাতক রয়েছেন।

বীরভূম জেলায় একাধিক পাথরের খাদান বা খনি রয়েছে। বিজেপির অভিযোগ, এসব খাদান থেকে বেআইনিভাবে পাথর তুলে সরকারি কোষাগারে রাজস্ব না দিয়েই দীর্ঘদিন ধরে লুটপাট চালিয়ে আসছিলেন তৃণমূলের স্থানীয় নেতা-কর্মীরা। এই লুটের অর্থের সন্ধানেই ইডি সাম্প্রতিক এই তল্লাশি অভিযান চালিয়েছে বলে জানা গেছে।