পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে হত্যা পরিকল্পনার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার রেনেসাঁ হাউসিং থেকে শুক্রবার (৩১ জুলাই) তাকে গ্রেপ্তার করা হয়। তার নাম হামিদ মন্ডল। তিনি জইশ-ই-মহম্মদের শাখা সংগঠন ‘হামিল সাজ্জাদ ভাট গোষ্ঠী’র সদস্য বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, এদিন সকাল সাড়ে ৮টার নাগাদ বর্ধমান পুলিশ ও এসটিএফ অভিযান চালিয়ে হামিদ মন্ডলকে গ্রেপ্তার করে। এ সময় একজন পালিয়ে গেছে। তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
হামিদের কাছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর গতিবিধি, সূচি, ভিআইপি মুভমেন্টের সমস্ত নথি পাওয়া গেছে বলে জানা যায়।
পুলিশ আরও জানায়, হামিদ পাকিস্তান থেকে প্রশিক্ষণ নিয়ে এসেছিল। আইএসআই হ্যান্ডলার হিসাবে কাজ করছিল। নিয়মিত যোগাযোগ ছিল পাক গুপ্তচর সংস্থার সঙ্গে। তিনি শুভেন্দু অধিকারীর গতিবিধির লাইভ লোকেশন কাশ্মীরে পাঠাচ্ছিলেন বলেও অভিযোগ।
হামিদ মণ্ডলকে গ্রেপ্তারের ঘটনায় শুভেন্দু অধিকারীর দাবি, শুধু তিনি নন, জইশের স্ক্যানারে আরও অনেকেই রয়েছেন। তার মধ্যে রয়েছেন রাজ্যের মন্ত্রী উমেশ রাইও।
ঘটনাটিকে স্পর্শকাতর হিসেবে উল্লেখ করে শুভেন্দু অধিকারী বলেন, ‘ভীষণ স্পর্শকাতর বিষয়। আমি কোনো মন্তব্য করব না। আগামীকাল এসটিএফ বিবৃতি দেবে। এটা জাতীয় নিরাপত্তার বিষয়।’
এর আগে মধ্যমগ্রামে শুভেন্দু অধিকারী ব্যক্তিগত সহকারী ও বিমান বাহিনীতে কর্মরত প্রাক্তন আধিকারিক চন্দ্রনাথ রথকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি করে হত্যা করা হয়। সেই মামলার তদন্ত এখনো চলছে।
তথ্যসূত্র: স্টার নিউজ