উসকানিমূলক ও বৈরী আচরণের অভিযোগ তুলে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে আলজেরিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, ইউএইর এমন আচরণের বিষয়ে দেশটিকে সতর্ক করতে আলজেরিয়া কোনো প্রচেষ্টাই বাদ দেয়নি। আলজেরিয়ার পক্ষ থেকে সতর্ক করা হয়েছিল, ইউএইর ‘দুঃখজনক ও অযৌক্তিক’ আচরণের কারণে গুরুতর পরিণতি হতে পারে।
তবে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্তের সুনির্দিষ্ট কোনো কারণ বিবৃতিতে জানায়নি আলজেরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।
সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন আঞ্চলিক বিরোধকে কেন্দ্র করে আলজেরিয়া ও ইউএইর মধ্যকার সম্পর্কের অবনতি হয়েছে। এরই ধারাবাহিকতায় এবার কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্তের কথা জানাল আলজেরিয়া।
এ বিষয়ে এখন পর্যন্ত ইউএইর পক্ষ থেকে সরাসরি কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে দেশটির প্রেসিডেন্টের কূটনৈতিক উপদেষ্টা আনোয়ার গারগাশ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেছেন, কূটনৈতিক সম্পর্ক কোনো ‘ধাঁধা বা এমন সংকেতের’ ওপর নির্ভর করে না, যার অর্থ বুঝতে আলাদা করে ব্যাখ্যার প্রয়োজন হয়।
তিনি বলেন, কূটনৈতিক সম্পর্ক পরিচালিত হয় যুক্তিবোধ, যোগাযোগ এবং স্বার্থের বিষয়ে স্পষ্টতার ভিত্তিতে। সফল কূটনীতি গড়ে ওঠে পারস্পরিক বোঝাপড়া এবং স্বার্থ ও মতপার্থক্য ব্যবস্থাপনার মাধ্যমে।
গারগাশ আরও বলেন, ‘অস্পষ্টতা কোনো নীতি নয় এবং দৃষ্টিভঙ্গির অনুপস্থিতি শব্দের বাড়াবাড়ি দিয়ে পূরণ করা যায় না।’
যদিও তার পোস্টে আলজেরিয়ার নাম সরাসরি উল্লেখ করা হয়নি, তার বক্তব্যটি আলজেরিয়ার ঘোষণার পরই সামনে এসেছে।
সূত্র: স্টার নিউজ