জাকির নায়েকের প্রত্যর্পণ নিয়ে যা জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

Share
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে শনিবার দ্বিপাক্ষিক বৈঠকে ইসলামি বক্তা জাকির নায়েকের প্রত্যর্পণের বিষয়টি উঠে এসে বলে নিশ্চিত করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। এনডিটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে আনোয়ার ইব্রাহিম বলেন, ব্যক্তিগত আলোচনায়, অবশ্যই, এসব বিষয়ে আলোচনা চলমান রয়েছে।
তিনি আরও বলেন, আমরা মনে করেছি, উভয় দেশের স্বার্থ রক্ষার জন্য বিষয়টি খুবই গোপন রাখা উচিত। তবে, অবশ্যই, আমাদের দুই দেশের মধ্যে আস্থা ও সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে আমরা এটিকে অগ্রাধিকারের তালিকায় রেখেছি।
তবে প্রত্যর্পণের বিষয়ে আনোয়ার ইব্রাহিম আরও বলেন, মালয়েশিয়াকে আইনের শাসন নিশ্চিত করতে হবে। তিনি বলেন, আমরা এ বিষয়ে (প্রত্যর্পণের দাবি) কিছুটা বুঝতে পেরেছি, কিন্তু আমাদের এটি অত্যন্ত সতর্কতার সঙ্গে করতে হবে। আইনের শাসন এবং এই দ্বিপাক্ষিক সম্পর্কের গুরুত্বকে সম্মান করতে হবে।
আলোচিত ভারতীয় ইসলামি বক্তা ও প্রচারক জাকির নায়েক মালয়েশিয়ায় স্থায়ী বাসিন্দা হিসেবে বসবাস করছেন। একই সময়ে অর্থপাচার ও বিদ্বেষমূলক বক্তব্যের অভিযোগে তিনি ভারতে একজন পলাতক আসামি হিসেবে ওয়ান্টেড রয়েছেন।
ভারতীয় কর্তৃপক্ষ তার এবং তার নেটওয়ার্কের বিরুদ্ধে তদন্ত শুরু করার পর ২০১৬ সালে নায়েক মালয়েশিয়ায় চলে যান। ওই নেটওয়ার্কের মধ্যে রয়েছে ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন এবং পিস টিভি। পরবর্তীতে তাকে মালয়েশিয়ায় স্থায়ী বসবাসের অনুমতি দেয়া হয়।
ভারত আনুষ্ঠানিকভাবে তার প্রত্যর্পণের অনুরোধ করেছে। তবে মালয়েশিয়া বলে আসছে, সুনির্দিষ্ট ও বিশ্বাসযোগ্য প্রমাণ দেওয়া হলে প্রতিষ্ঠিত আইনি প্রক্রিয়ার মাধ্যমেই তারা সহযোগিতা করবে। এর আগে ইন্টারপোল তার বিরুদ্ধে রেড নোটিশ জারি করতে অস্বীকৃতি জানিয়েছিল, পর্যাপ্ত প্রমাণের অভাবের কথা উল্লেখ করে।
সূত্র: স্টার নিউজ