জাতিসংঘ সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের অধিবেশনের ফাঁকে নিউইয়র্কে তুর্কি হাউসে প্রধানমন্ত্রী তারেক রহমানকে গ্রহণ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ান। কূটনৈতিক সূত্রের বরাতে জানা গেছে, মঙ্গলবার বন্ধ দরজার এই বৈঠকটি অনুষ্ঠিত হয় ম্যানহাটনে অবস্থিত তুরস্কের ৩৬ তলাবিশিষ্ট কূটনৈতিক কেন্দ্র ‘তুর্কএভি সেন্টারে’। তবে বৈঠকের আলোচ্যসূচি নিয়ে কোনো বিবৃতি প্রকাশ করা হয়নি।
জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক উচ্চপর্যায়ের অধিবেশনে বিশ্বনেতারা সমবেত হওয়ার সময়েই এই বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে এরদোয়ান একাধিক দ্বিপাক্ষিক বৈঠক পরিচালনা করছেন। তুর্কি কূটনৈতিক সূত্র তারেক রহমানের সঙ্গে এই সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করলেও নির্দিষ্ট কোন কোন বিষয়ে আলোচনা হয়েছে সে বিষয়ে বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানায়।
উল্লেখ্য, তুরস্কের জাতিসংঘ স্থায়ী মিশনের তথ্য অনুযায়ী, তুর্কি হাউস সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে আঙ্কারার কূটনৈতিক কার্যক্রমের প্রধান কেন্দ্র হিসেবে কাজ করে এবং পুরো সপ্তাহজুড়ে এখানে সংবর্ধনা ও দ্বিপাক্ষিক বৈঠকের আয়োজন করা হয়। ম্যানহাটনের মিডটাউনে জাতিসংঘ সদর দপ্তরের কাছেই অবস্থিত এই ভবনটি।