আদালত চত্বরে সোহেল ও স্বপ্না [ছবিঃ সংগৃহীত]

পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

Share

রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন ট্রাইব্যুনাল। পাশাপাশি সোহেল রানাকে ৫ লাখ ও স্বপ্না আক্তারকে ২ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে।

আজ রোববার (৭ জুন) বেলা সাড়ে ১১টায় ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন এ রায় ঘোষণা করেন। ঘটনার মাত্র ১৯ দিনের মাথায় এবং মাত্র চার কার্যদিবসে বিচার সম্পন্ন করে রায় ঘোষণা হলো — বাংলাদেশে শিশু ধর্ষণ ও হত্যা মামলায় এত দ্রুত বিচার সম্পন্নের নজির অত্যন্ত বিরল বলে জানিয়েছেন বিচার সংশ্লিষ্ট ব্যক্তিরা।

রায় শুনতে আদালতে উপস্থিত ছিলেন নিহত রামিসার বাবা হান্নান মোল্লা। রায়ের পর সন্তুষ্টি প্রকাশ করে তিনি দ্রুত সাজা কার্যকরের দাবি জানান।

গত ১৯ মে সকালে পল্লবীর সেকশন-১১ এলাকার একটি অ্যাপার্টমেন্টে একই ভবনের সাবলেট কক্ষে থাকা প্রতিবেশী সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তার কৌশলে রামিসাকে তাদের কক্ষে নিয়ে যান বলে অভিযোগে বলা হয়েছে। তদন্তে উঠে আসে, বাথরুমে আটকে রেখে ধর্ষণের পর তাকে হত্যা করা হয়। মরদেহ গুম করার উদ্দেশ্যে মাথা শরীর থেকে বিচ্ছিন্ন এবং দুই হাত আংশিক বিচ্ছিন্ন করা হয়। খাটের নিচে লুকানো হয় মরদেহ, বাথরুমের বালতিতে রাখা হয় কাটা মাথা। এরপর সোহেল রানা জানালার গ্রিল কেটে পালিয়ে যান।

রামিসা স্কুলে যাচ্ছে না দেখে পরিবার খোঁজাখুঁজি শুরু করলে সোহেলদের কক্ষের সামনে তার স্যান্ডেল দেখতে পান মা। দরজা ভেঙে ভেতরে ঢুকলে ভয়াবহ সেই দৃশ্য সামনে আসে। স্বপ্না তখনো কক্ষের ভেতরেই ছিলেন। ওইদিনই রাতে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করে পুলিশ।

মামলাটি দেশজুড়ে ব্যাপক ক্ষোভ ও প্রতিবাদের জন্ম দেয়। প্রধানমন্ত্রী তারেক রহমান জনসভায় দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা ব্যক্ত করেন। ঢাকা বার অ্যাসোসিয়েশন ঘোষণা দেয়, তাদের কোনো আইনজীবী আসামিপক্ষে দাঁড়াবেন না। পরে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীর মাধ্যমে আসামিদের আইনি সহায়তা নিশ্চিত করা হয়।

ঘটনার পাঁচ দিনের মাথায় ২৪ মে অভিযোগপত্র দাখিল হয়। ১ জুন অভিযোগ গঠন, ২ জুন ১৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ, ৩ জুন আত্মপক্ষ সমর্থন এবং ৪ জুন যুক্তিতর্ক শেষে আজ রায় ঘোষণা করা হয়।