নবম বেতনকাঠামো বাস্তবায়নে জনপ্রশাসনে বাড়তি বরাদ্দ ৫৫ হাজার কোটি টাকা

Share

সরকারি কর্মচারীদের জন্য নবম বেতনকাঠামো আগামী ১ জুলাই থেকে ধাপে ধাপে বাস্তবায়নের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ বৃহস্পতিবার বাজেট বক্তৃতায় তিনি বলেন, সরকারি কর্মচারীরা প্রায় ১১ বছর ধরে একই বেতনকাঠামোতে বেতন-ভাতা পাচ্ছেন এবং এ সময়ে মূল্যস্ফীতিতে জীবনযাত্রার ব্যয় অনেক বেড়ে গেছে।

বর্তমান অষ্টম বেতনকাঠামোয় সর্বনিম্ন মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা এবং সর্বোচ্চ ৭৮ হাজার টাকা। নবম বেতনকাঠামোর সুপারিশে সর্বনিম্ন ২০ হাজার এবং সর্বোচ্চ ১ লাখ ৬০ হাজার টাকা করার প্রস্তাব রয়েছে।

বাজেটে জনপ্রশাসন খাতে আগামী অর্থবছরে বরাদ্দ রাখা হয়েছে ১ লাখ ৪১ হাজার ৪৩৪ কোটি টাকা, যা চলতি অর্থবছরের সংশোধিত বরাদ্দ ৮৬ হাজার ৮৬২ কোটি টাকার তুলনায় প্রায় ৫৫ হাজার কোটি টাকা বেশি। অর্থ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, এই বাড়তি বরাদ্দের অন্তত ৪৪ হাজার কোটি টাকা সরকারি কর্মচারী, এমপিওভুক্ত শিক্ষক ও পেনশনধারীদের জন্য নতুন বেতনকাঠামোর আংশিক বাস্তবায়নে ব্যয় হবে।

উল্লেখ্য, গত ২১ এপ্রিল মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে গঠিত ১০ সদস্যের কমিটি তিন ধাপে বেতনকাঠামো বাস্তবায়নের সুপারিশ করেছে, যা আগামী অর্থবছর থেকে কার্যকর হচ্ছে।