বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে হঠাৎ বিভ্রাটের কবলে পড়েছে জনপ্রিয় সামাজিক মাধ্যম ফেসবুক। শুক্রবার বাংলাদেশ সময় রাত পৌনে ৮টার দিকে এ সমস্যা দেখা দেয়।
মোবাইল ও কম্পিউটারে একসঙ্গে ফেসবুক ব্যবহার করতে গিয়ে বাধার সম্মুখীন হন ব্যবহারকারীরা। প্ল্যাটফর্মটিতে প্রবেশের চেষ্টা করলে ‘সরি, সামথিং ওয়েন্ট রং’ বার্তা প্রদর্শিত হচ্ছিল। অনেক ব্যবহারকারী লগ ইন করতে ব্যর্থ হন। লগ ইনের চেষ্টা করলে ‘This page isn’t available right now’ বার্তা আসছিল।
ওয়েবসাইট পর্যবেক্ষণকারী প্ল্যাটফর্ম ডাউনডিটেক্টরের তথ্য অনুযায়ী, ফেসবুকের পাশাপাশি মেসেঞ্জার ও ইনস্টাগ্রামেও একই ধরনের সমস্যা দেখা গেছে। বহু ব্যবহারকারীর ক্ষেত্রে ইনস্টাগ্রামের পেজ লোড হচ্ছিল না এবং মেসেঞ্জারও অকার্যকর হয়ে পড়ে।
ইউটিউবার ও কন্টেন্ট ক্রিয়েটর জন কোপল্যান্ড তার এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে লেখেন, ‘আর কারো কি ফেসবুক মেসেঞ্জার থেকে লগ আউট হয়ে যাওয়ার পর আবার লগ ইন করতে পারছেন না? অজানা ত্রুটি।’
এ বিভ্রাট কখন সমাধান হবে, সে বিষয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।