হরমুজ প্রণালী

হরমুজ প্রণালি বন্ধ থাকলে তেলের দাম ব্যারেলে ২০০ ডলার ছাড়াতে পারে

Share

হরমুজ প্রণালি দ্রুত খুলে না দিলে বিশ্ববাজারে তেলের দাম রেকর্ড ছাড়িয়ে যেতে পারে বলে সতর্ক করেছেন বিশ্লেষকরা। তাঁদের মতে, মজুতভিত্তিক যে ব্যবস্থায় এখন বাজার স্থিতিশীল রাখা হচ্ছে, তা গ্রীষ্মের শেষ দিকে কার্যকারিতা হারাতে পারে।

বিনিয়োগ প্রতিষ্ঠান ম্যাককুয়ারির বিশ্লেষণে বলা হয়েছে, লেবার ডে পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকলে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১৩০ থেকে ১৫০ ডলারে পৌঁছাতে পারে। যদি যুদ্ধ ২০২৭ সাল পর্যন্ত গড়ায়, তাহলে দাম ২০০ ডলার পর্যন্ত যেতে পারে বলেও সতর্ক করেছে প্রতিষ্ঠানটি।

শুক্রবার সকালে বৈশ্বিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ছিল ব্যারেলপ্রতি ৮৭ দশমিক ৯৪ ডলার, যা তিন মাসের মধ্যে সর্বনিম্ন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের সঙ্গে চুক্তি আসন্ন বলে মন্তব্যের পর বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে।

এসঅ্যান্ডপি গ্লোবাল এনার্জির বিশ্লেষক অ্যারন ব্র্যাডি বলেন, আগামী এক মাসের মধ্যে হরমুজ প্রণালি না খুললে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের তেল মজুত কার্যক্রম পরিচালনার সর্বনিম্ন সীমার কাছাকাছি নেমে আসবে। তখন বাজারে আর কোনো সরবরাহ সুরক্ষা থাকবে না।

সরকারি তথ্য অনুযায়ী, ৫ জুন শেষ হওয়া সপ্তাহে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক অপরিশোধিত তেলের মজুত ৭০ লাখ ব্যারেলের বেশি কমে ৪২ কোটি ৬৫ লাখ ব্যারেলে নেমেছে। এসঅ্যান্ডপির হিসাবে, মজুত ৩২ কোটি ৫০ লাখ ব্যারেলের নিচে নামলেই শুরু হবে বিপদসীমা।

বিশ্লেষকরা বলছেন, হরমুজ প্রণালি দীর্ঘ সময় বন্ধ থাকলে বাজারকে স্থিতিশীল রাখার বিভিন্ন সুরক্ষা ব্যবস্থা ধীরে ধীরে দুর্বল হয়ে পড়বে এবং বৈশ্বিক জ্বালানি বাজারে আরও বড় অস্থিরতা দেখা দিতে পারে।

সূত্র: অ্যাক্সিওস