মানবজমিন পত্রিকার প্রথম পাতার খবর- কেন ৩ উপদেষ্টার পদত্যাগ চায় জামায়াতসহ ৮ দল।
পাঁচ দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়া আট দল এবার নতুন একটি দাবি যুক্ত করেছে। দলগুলোর অভিযোগ, অন্তর্বর্তী সরকারের তিনজন উপদেষ্টা নিরপেক্ষতা বজায় রাখতে ব্যর্থ হয়েছেন এবং একটি রাজনৈতিক দলের পক্ষে কাজ করছেন।
যদিও তারা এখনো এই তিন উপদেষ্টার নাম প্রকাশ করেনি, তবে সূত্র বলছে বিষয়টি সরকারের শীর্ষপর্যায়কে জানানো হয়েছে।
জামায়াত ও ইসলামী আন্দোলনসহ আটটি দল এ নিয়ে নিজেদের মধ্যে একাধিক বৈঠক করেছে।
আজ রোববার নির্ধারিত বৈঠক শেষে তিন উপদেষ্টার নাম প্রকাশ কিংবা প্রধান উপদেষ্টাকে আনুষ্ঠানিকভাবে জানানো হতে পারে।
দলীয় সূত্র জানিয়েছে, জুলাই আন্দোলনে সক্রিয় থাকা দুই তরুণ উপদেষ্টা এবং একজন সিনিয়র উপদেষ্টাকে নিয়ে তাদের আপত্তি রয়েছে।
দ্রুত ব্যবস্থা না নিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন জোটের অন্যতম নেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
দ্য বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার আজকের শীর্ষ খবর- Tk86,000cr hole: Islami Bank’s provision shortfall requires 143 years to cover, experts warn অর্থাৎ ৮৬ হাজার কোটি টাকার ঘাটতি: ইসলামী ব্যাংকের প্রভিশন ঘাটতি পূরণে লাগবে ১৪৩ বছর, সতর্ক করছেন বিশেষজ্ঞরা।