ঠাকুরগাঁওয়ে ক্যাডেট পিস স্কুলের প্যারেন্টিং কনফারেন্স ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

Share

ঠাকুরগাঁওয়ে ক্যাডেট পিস স্কুল এর উদ্যোগে অনুষ্ঠিত হলো “প্যারেন্টিং কনফারেন্স ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৫”। অভিভাবক-শিক্ষার্থীদের উপচে পড়া অংশগ্রহণে পুরো অনুষ্ঠানস্থল ছিল প্রাণবন্ত।

শনিবার (০৬ ডিসেম্বর ২০২৫) দিনব্যাপী শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: এরশাদুল হক, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও ট্রেইনার দিনাজপুর কনফিয়ার গ্রুপ এর চেয়ারম্যান মো: আব্দুল হামিদ।

অনুষ্ঠানে বক্তারা বর্তমান যুগে শিশুদের সঠিক মানসিক বিকাশ, পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি, পরিবার-বিদ্যালয় সমন্বয়, এবং ইতিবাচক প্যারেন্টিং বিষয়ক মূল্যবান দিকনির্দেশনা প্রদান করেন। তারা অভিভাবকদের সন্তানদের প্রতি আরও দায়িত্বশীল ও সময়োপযোগী ভূমিকা পালনের আহ্বান জানান।

পুরো আয়োজনটি পরিচালনা করেন ক্যাডেট পিস স্কুল, ঠাকুরগাঁও এর পরিচালক মাহবুব আল আজিজ। তিনি তার বক্তব্যে অতিথি, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের আন্তরিক উপস্থিতির জন্য ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেয় ক্যাডেট পিস স্কুলের শিক্ষার্থীরা। ইসলামিক গান, আবৃত্তি ও বিভিন্ন আকর্ষণীয় পরিবেশনা উপস্থিত অতিথিদের মুগ্ধ করে।

ক্যাডেট পিস স্কুলের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতে শিক্ষার উন্নয়নে এমন আরও কার্যক্রম আয়োজন করা হবে।

– ঠাকুরগাঁও প্রতিনিধি