আহবানের আয়োজনে ঠাকুরগাঁওয়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী জেনজি কার্নিভাল ঠাকুরগাঁও ২০২৬। বৃহস্পতিবার ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে ফিতা কেটে, পায়রা ও বেলুন উড়িয়ে এ কার্নিভালের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
কার্নিভালের প্রথম দিনের আয়োজন শুরু হয় “জেনজি আউট অফ দ্য ফ্রেম” শীর্ষক একটি ব্যতিক্রমধর্মী চিত্র প্রদর্শনীর মাধ্যমে। প্রদর্শনীতে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের বছর ১৯৭১ এবং সাম্প্রতিক ২০২৪ সালের গুরুত্বপূর্ণ ঘটনাবলি সহ বিভিন্ন ঐতিহাসিক ও সমকালীন ছবি স্থান পায়। পাশাপাশি ঠাকুরগাঁও জেলার প্রকৃতি, মানুষ, সংস্কৃতি ও জীবনচিত্র ফুটিয়ে তোলা নান্দনিক ও বাস্তবধর্মী ছবিগুলো দর্শনার্থীদের বিশেষভাবে আকৃষ্ট করে।
চিত্র প্রদর্শনী দেখতে আসা কলেজ শিক্ষার্থী আরিফুল ইসলাম বলেন,
“এক জায়গায় ১৯৭১ আর ২০২৪—এই দুই সময়ের ছবি দেখে ভেতরে অন্যরকম একটা অনুভূতি কাজ করছে। ইতিহাস শুধু বইয়ে না, ছবির মাধ্যমেও কতটা শক্তভাবে তুলে ধরা যায়, আজ সেটা বুঝলাম।”
অপর দর্শনার্থী নাসরিন আক্তার বলেন, “ঠাকুরগাঁওকে নিয়ে এত সুন্দর ও বাস্তব ছবি একসাথে আগে দেখিনি। এই আয়োজন তরুণদের ভাবতে শেখাবে এবং নিজের জেলার প্রতি ভালোবাসা আরও বাড়াবে।”
চিত্র প্রদর্শনীর আগে কার্নিভালের মানবিক কার্যক্রমের অংশ হিসেবে জেলার পাঁচ শতাধিক হতদরিদ্র ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা সন্তোষ ও আনন্দ প্রকাশ করেন।
শীতবস্ত্র পেয়ে খুশি হয়ে বৃদ্ধা রওশন আরা বেগম বলেন,
“শীতে খুব কষ্টে ছিলাম। এই কম্বলটা পেয়ে অনেক উপকার হলো। যারা দিয়েছে আল্লাহ তাদের ভালো রাখুক।”
একইভাবে দিনমজুর আবু তালেব বলেন,
“এই শীতে কাজও কম। এই শীতবস্ত্রটা আমাদের পরিবারের জন্য অনেক বড় সহায়তা।”
আয়োজকরা জানান, তরুণ প্রজন্মের সৃজনশীলতা বিকাশের পাশাপাশি সমাজে মানবিক মূল্যবোধ, সামাজিক দায়বদ্ধতা ও সচেতনতা তৈরির লক্ষ্যেই এই আয়োজন। আগামী দুই দিনব্যাপী কার্নিভালে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও সামাজিক কার্যক্রম অনুষ্ঠিত হবে।
কার্নিভালের উদ্বোধন করেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সুশীল সমাজের প্রতিনিধি প্রফেসর মনতোষ কুমার দে এবং সাবেক পৌর মেয়র ও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন । এছাড়া উপস্থিত ছিলেন আহবানের আহ্বায়ক লুকমান শরীফ, যুগ্ম আহ্বায়ক সামিন ইশতিয়াক চৌধুরী, শাবাব ইসমাইল, সদস্য সচিব তাহমিদ আহমেদ, সদস্য সিফাত মাহমুদ স্বপ্নীল, নসিন নাফিজা, সৈয়দ নবী হোসেন, ইশতিয়াক আহমেদ নিলয়, মোছা: জুঁই আক্তারসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
এসময় প্রফেসর মনতোষ কুমার দে বলেন—
“জেনজি কার্নিভাল শুধু একটি অনুষ্ঠান নয়, এটি তরুণ প্রজন্মকে ইতিহাস, সংস্কৃতি ও মানবিকতার সঙ্গে যুক্ত করার একটি সুন্দর উদ্যোগ। এই ধরনের আয়োজন তরুণদের সৃজনশীল চিন্তা বিকাশের পাশাপাশি দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে।”
এবং সাবেক পৌর মেয়র ও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন বলেন—
“তরুণ সমাজকে ইতিবাচক কাজে সম্পৃক্ত করতে জেনজি কার্নিভালের মতো আয়োজন অত্যন্ত সময়োপযোগী। এর মাধ্যমে সামাজিক দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত হবে বলে আমি বিশ্বাস করি।”
নবীন হাসান, ঠাকুরগাঁও।