গোলের পর ভিনিসিয়ুসের উদ্‌যাপন ছবি: এএফপি

ভিনিসিয়ুসের গোলে হার এড়াল ব্রাজিল, মরক্কোর সঙ্গে ১-১ ড্র

Share

তিনতন্ত্র স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের গ্রুপ পর্বে মরক্কোর বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে ব্রাজিল। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধে হরর শো দেখানো ব্রাজিলকে হার থেকে বাঁচালেন ভিনিসিয়ুস জুনিয়র।

২১ মিনিটে ইসমায়েল সাইবারির গোলে এগিয়ে যায় মরক্কো। লুকাস পাকেতার বল হারানোর সুযোগ কাজে লাগিয়ে ব্রাহিম দিয়াজের থ্রু পাস ধরে দুই ডিফেন্ডারকে পাশে রেখে আলিসনের মাথার ওপর দিয়ে চিপ করে গোল করেন সাইবারি। বিশ্বকাপে দক্ষিণ আমেরিকান দলের বিপক্ষে এটাই ছিল মরক্কোর প্রথম গোল।

জবাবে ৩২ মিনিটে ব্রুনো গিমারেসের পাস পেয়ে বাঁ প্রান্ত থেকে কাট-ইন করে বক্সে ঢুকে ডান পায়ের শটে সমতা ফেরান ভিনিসিয়ুস। ব্রাজিলের জার্সিতে নিজের ৫০তম ম্যাচে দলকে বাঁচানো এই গোলটি ছিল রিয়াল মাদ্রিদের চিরাচরিত ভঙ্গিতেই।

দ্বিতীয়ার্ধের শুরুতে বিপর্যস্ত কাসেমিরো ও রজার ইবানিয়েজকে তুলে ফাবিনিও ও দানিলোকে নামান কোচ কার্লো আনচেলত্তি। তারপর ব্রাজিল কিছুটা ছন্দে ফিরলেও যোগ করা সময়ে মরক্কো মিডফিল্ডার নিল এল আয়নাউয়ির দূরপাল্লার শট আলিসন ঠেকাতে না পারলে পয়েন্ট হারাতে হতো ব্রাজিলকে।

গত ৯২ বছরের মধ্যে এবারই প্রথম বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে হারের শঙ্কায় পড়েছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। রাফিনিয়া ও ইগর থিয়াগোর একাধিক সুযোগ নষ্ট হওয়া এবং পাকেতার নিষ্প্রভ পারফরম্যান্স আনচেলত্তির দুশ্চিন্তা বাড়িয়েছে।

‘সি’ গ্রুপে সমান ১ পয়েন্ট নিয়ে আছে ব্রাজিল ও মরক্কো। আগামী শনিবার হাইতির মুখোমুখি হবে ব্রাজিল।