বিশ্বকাপ না জিতেও জার্সিতে ৭ তারকা, মিশরকে জার্সি বদলাতে বলল ফিফা

Share

আফকনে সাতবার শিরোপা জেতা মিশরের জার্সিতে রয়েছে সাতটি তারকা। কিন্তু বিশ্বকাপে একবারও গ্রুপ পর্ব পার করতে না পারা দলটিকে এবারের বিশ্বকাপে সেই তারকাযুক্ত জার্সি না পরার অনুরোধ জানিয়েছে ফিফা।

ফুটবলে জাতীয় দলের জার্সিতে তারকার সংখ্যা বিশ্বকাপ জয়ের সংখ্যাকেই নির্দেশ করে। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের জার্সিতে পাঁচটি, ইতালি ও জার্মানির জার্সিতে চারটি করে তারকা রয়েছে। সেখানে বিশ্বকাপ না জিতেই মিশরের জার্সিতে সাতটি তারকা—এটিই আপত্তির কারণ হয়েছে।

ফিফার নতুন নীতি অনুযায়ী, বিশ্বকাপ শিরোপা জয় ছাড়া অন্য কোনো মহাদেশীয় বা আঞ্চলিক টুর্নামেন্টের সাফল্যের স্মারক হিসেবে জার্সিতে তারকা ব্যবহার করা যাবে না। ফলে আফ্রিকার সফলতম দল হওয়া সত্ত্বেও বিশ্বমঞ্চে সেই ইতিহাস মুছে রাখতে হচ্ছে মিশরকে।

এ ছাড়া জার্সিতে খেলোয়াড়দের নম্বরে সোনালি রঙ ব্যবহারের বিষয়েও আপত্তি জানিয়েছে ফিফা। মাঠের আলোয় দূর থেকে সোনালি রঙ দেখতে অসুবিধা হওয়ায় সাদা রঙের নম্বর ব্যবহারের অনুরোধ করা হয়েছে।

উল্লেখ্য, শুধু মিশরই নয়, এর আগে জার্সিতে রাজনৈতিক বার্তা থাকার অভিযোগে হাইতিকেও জার্সি পরিবর্তন করতে বাধ্য করেছিল ফিফা।