বিশ্বকাপে মাত্র ১ লাখ ৫৮ হাজার জনসংখ্যার ক্যারিবিয়ান দ্বীপ দেশ কুরাসাওর অভিষেক হলো জার্মানির কাছে ৭-১ গোলে হারের মধ্য দিয়ে। কিন্তু সেই এক গোলটিই কুরাসাওকে ইতিহাসের পাতায় নাম লিখিয়ে দিয়েছে।
হিউস্টনে মাত্র ৬ মিনিটে ফেলিক্স এনমেচার গোলে এগিয়ে যায় জার্মানি—এবারের বিশ্বকাপে দ্রুততম গোল। এরপর ২১ মিনিটে বক্সের ভেতর থেকে ফাঁকায় বল পেয়ে বাঁ পায়ের শটে জার্মানির জাল কাঁপান কুরাসাওর রাইটব্যাক লিভানো কোমেনেনসিয়া। ৪০ বছর বয়সী কিংবদন্তি গোলকিপার ম্যানুয়েল নয়্যারকেও হারিয়ে দেওয়া সেই গোলটি বিশ্বকাপে কুরাসাওর প্রথম। কোমেনেনসিয়ার নাম এখন ইতিহাসে অমর।
তবে সমতার পর ঘুমন্ত দৈত্য জেগে ওঠে। বিরতির আগেই নিকো শ্লটারবেক ও পেনাল্টি থেকে কাই হাভার্টজের গোলে ৩-১ এগিয়ে যায় জার্মানি। দ্বিতীয়ার্ধে জামাল মুসিয়ালা, নাথানিয়েল ব্রাউন, ডেনিজ উনদাভ ও হাভার্টজ আরও চার গোল যোগ করেন।

ফিফা র্যাঙ্কিংয়ে ৭২ ধাপের ব্যবধানের এই ম্যাচে রেকর্ড হয়েছে কোচদের বয়সেও। কুরাসাওর ৭৮ বছর বয়সী কোচ ডিক অ্যাডভোকাট এবারের বিশ্বকাপে সবচেয়ে বয়স্ক, আর জার্মানির ৩৮ বছর বয়সী ইউলিয়ান নাগলসমান সর্বকনিষ্ঠ কোচ। দুজনের বয়সের ৪০ বছরের ব্যবধান বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ।
২০১৪ বিশ্বকাপে ব্রাজিলকে ৭-১ গোলে হারানোর পর আবার একই স্কোরলাইন। গ্রুপ পর্বে টানা দুই আসরে বিদায়ের পর জার্মানি যেন নিজেদের ফিরে পেয়েছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।