বয়স প্রায় ৩৯। তবু মাঠে নামলেই যেন সময়কে বৃদ্ধাঙ্গুলি দেখান লিওনেল মেসি। ক্যানসাস সিটিতে আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচেই হ্যাটট্রিক করে আবারও সব আলো কেড়ে নিলেন আর্জেন্টিনার অধিনায়ক।
৮০ মিনিটে তিন গোল করে দলকে জয় এনে দেওয়ার পাশাপাশি বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় জার্মানির মিরোস্লাভ ক্লোসার পাশে জায়গা করে নিয়েছেন তিনি। একই সঙ্গে ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে ষষ্ঠ বিশ্বকাপে অংশ নেওয়ার কীর্তিও গড়লেন।
ম্যাচ শেষে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠল — ২০৩০ সালে কি সপ্তম বিশ্বকাপেও দেখা যাবে মেসিকে? আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের এই প্রশ্নে প্রথমে হেসে ফেলেন তিনি। এরপর সম্ভাবনা উড়িয়ে দিয়ে বলেন, ‘না, না, এটা কোনোভাবেই সম্ভব নয়।’
২০৩০ বিশ্বকাপ অনুষ্ঠিত হলে মেসির বয়স হবে ৪২ বছর। তাই ভবিষ্যতের কল্পনায় না ভেসে তাঁর চোখ এখন বর্তমানেই — দলকে নিয়ে আরেকটি বিশ্বকাপ শিরোপার লড়াইয়ে এগিয়ে যাওয়া এবং ১৯ জুলাই নিউ জার্সিতে হতে যাওয়া ফাইনালে জায়গা করে নেওয়া।