ছবি: সংগৃহীত

ব্রাজিলের বিশ্বকাপ জয় অথবা বিদায়; এই দুইয়ের আগে জার্সি না ধোয়ার শপথ নিয়েছেন তিনি

Share

বিশ্বকাপ ঘিরে সমর্থকদের অদ্ভুত সব আচার-অনুষ্ঠানের কমতি নেই। তেমনই একজন ব্রাজিলের সমর্থক ইয়োহান লেরবাউম, যিনি একটি জার্সি একবারও না ধোয়ার শপথ নিয়েছেন—যতদিন না ব্রাজিল বিশ্বকাপ থেকে বিদায় নেয় কিংবা ট্রফি জিতে দেশে ফেরে।

১১ বছর বয়সে ব্রাজিল ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমানো লেরবাউম শৈশব থেকেই ব্রাজিল জাতীয় দলের সমর্থক হলেও কখনো সরাসরি তাদের খেলা দেখার সুযোগ পাননি। এবার যুক্তরাষ্ট্র বিশ্বকাপের সহ-আয়োজক হওয়ায় এবং নিউ জার্সির মরিসটাউনে ব্রাজিল দলের বেজক্যাম্প হওয়ায়—যা তাঁর বাসা থেকে খুব দূরে নয়—সুযোগটা হাতছাড়া করেননি তিনি।

কার্লো আনচেলত্তির দল অনুশীলনে নামার পর থেকে প্রতিদিনই অনুশীলন মাঠের গেটে হাজির হচ্ছেন লেরবাউম। সকাল আটটায় পৌঁছে বিকেল দেড়টা পর্যন্ত অপেক্ষা করেন, মাঝে নিরাপত্তারক্ষীদের সঙ্গে গল্প করেন। ব্রাজিলের সংবাদমাধ্যম ইউওএলকে তিনি জানান, প্রতিদিন একই অ্যাওয়ে জার্সি পরে আসেন, যা একবারও ধোননি কারণ এটি তাঁর সৌভাগ্যের প্রতীক। সঙ্গে রাখেন আরেকটি হলুদ জার্সি, যা খেলোয়াড়দের অটোগ্রাফ পাওয়ার আশায় সংরক্ষিত।

পুলিশ কর্মকর্তাদের সঙ্গে ধীরে ধীরে গড়ে ওঠা বন্ধুত্বের সুবাদে তিনি এখন অনুশীলন কেন্দ্রের আরও কাছাকাছি যাওয়ার সুযোগ পান। ইউওএলের প্রতিবেদনে বলা হয়, ব্রাজিলের অনুশীলন কেন্দ্রের গেটে তিনিই একমাত্র নিয়মিত দর্শক।

আগামীকাল ফিলাডেলফিয়ায় হাইতির বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে ব্রাজিল। সেই ম্যাচে তরুণ স্ট্রাইকার এনদ্রিকের একাদশে সুযোগ পাওয়া উচিত বলে মনে করেন এই ভক্ত।