বিশ্ব ফুটবলের সবচেয়ে সফল দল হয়েও দুই যুগ ধরে বিশ্বকাপের শিরোপা ছুঁতে পারেনি ব্রাজিল। কার্লো আনচেলত্তির অধীনে শক্তিশালী দল নিয়ে এবার হেক্সা মিশনে নেমেছে সেলেসাওরা, তবে শুরুটা প্রত্যাশামতো হয়নি। প্রথম ম্যাচে মরক্কোর রক্ষণ ভাঙতে না পেরে গুরুত্বপূর্ণ পয়েন্ট হারাতে হয়েছিল ব্রাজিলকে।
এই প্রেক্ষাপটে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে ক্যারিবীয় দল হাইতির মুখোমুখি হচ্ছে ব্রাজিল। তবে স্বস্তির বিষয়, হাইতির বিপক্ষে এর আগের তিন দেখায় তিনবারই দাপুটে জয় পেয়েছে সেলেসাওরা।
১৯৭৪ সালে এক প্রীতি ম্যাচে প্রথম দেখায় হাইতিকে ৪-০ গোলে হারায় ব্রাজিল, যেখানে রিভেলিনো একটি গোল করেছিলেন। এরপর ২০০৪ সালে দ্বিতীয় সাক্ষাতে আরও বড় ব্যবধানে জয় পায় ব্রাজিল, ৬-০ গোলের সেই ম্যাচে হ্যাটট্রিক করেন রোনালদিনহো।
তবে সবচেয়ে স্মরণীয় জয়টি আসে ২০১৬ সালের কোপা আমেরিকায়, যেখানে আমন্ত্রিত দল হিসেবে আসা হাইতিকে ৭-১ গোলে বিধ্বস্ত করেছিল ব্রাজিল। সেই ম্যাচে ফিলিপ কৌতিনহো হ্যাটট্রিক এবং রেনাতো আগুস্তো জোড়া গোল করেন।
সাম্প্রতিক ফর্ম ও মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যান বিবেচনায় এই ম্যাচেও ব্রাজিলকে এগিয়ে রাখা হচ্ছে। তবে বিশ্বকাপের মতো মঞ্চে যেকোনো কিছু ঘটতে পারে বলেই ফুটবলপ্রেমীদের অভিজ্ঞতা।