বিশ্বকাপ ঘিরে সমর্থকদের আবেগ ও উন্মাদনার আরেক দৃষ্টান্ত দেখা গেল জামালপুরের বকশীগঞ্জে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া নিজের চ্যালেঞ্জ রক্ষা করতে ব্রাজিলের জয়ের পর মাথা ন্যাড়া করলেন আর্জেন্টিনার একনিষ্ঠ সমর্থক ফয়সাল আহমেদ জুম্মান (২৩)।
শুক্রবার সন্ধ্যায় নিজের ফেসবুক আইডিতে ফয়সাল ঘোষণা দিয়েছিলেন, হাইতির বিপক্ষে ম্যাচে ব্রাজিল জিতলে তিনি মাথা ন্যাড়া করে এলাকায় ঘুরবেন। শনিবার সকালের ম্যাচে হাইতিকে ৩-০ গোলে হারায় ব্রাজিল, আর ম্যাচ শেষ হতেই নিজের প্রতিশ্রুতি বাস্তবায়ন করেন তিনি। আর্জেন্টিনার জার্সি গায়ে দিয়েই বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া এলাকায় মাথা ন্যাড়া করেন ফয়সাল, যা দেখতে ভিড় জমান স্থানীয় ফুটবলপ্রেমীরা।
ঘটনাটি দ্রুত এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। স্থানীয়দের তোলা ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।
স্থানীয়রা মনে করছেন, বিশ্বকাপ ঘিরে সমর্থকদের এমন বন্ধুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বিতা আসলে ফুটবল প্রেমেরই বহিঃপ্রকাশ। চ্যালেঞ্জ পূরণের পর ফয়সাল বলেন, “খেলাধুলা বিনোদনের একটি বড় মাধ্যম। মজা করেই এই চ্যালেঞ্জ দিয়েছিলাম। ব্রাজিল জিতেছে, তাই কথা অনুযায়ী মাথা ন্যাড়া করেছি। প্রতিশ্রুতি দিলে তা রাখতে হয়।”