হাইতির বিপক্ষে ৩-০ গোলে জয়ের পর ব্রাজিল সমর্থকদের জন্য আরও একটি সুখবর এল। চোট কাটিয়ে অবশেষে মাঠে ফিরছেন দলের মূল তারকা নেইমার। আগামী বুধবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে তাঁকে পাওয়া যাবে বলে নিশ্চিত করেছেন কোচ কার্লো আনচেলত্তি।
গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে খেলতে পারেননি নেইমার। তাঁকে ছাড়াই মরক্কোর বিপক্ষে ১-১ ড্র এবং হাইতির বিপক্ষে জয় তুলে নেয় ব্রাজিল। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আনচেলত্তি জানান, নেইমার আগামীকাল একা অনুশীলন করবেন এবং সোমবার দলের সঙ্গে অনুশীলনে যোগ দেবেন।
উল্লেখ্য, গত ১৭ মে চোট নিয়ে মাঠ ছাড়েন ৩৪ বছর বয়সী নেইমার। তখন তাঁর ক্লাব সান্তোসের পক্ষ থেকে জানানো হয়েছিল পেশি সামান্য ফুলে গেছে। পরে ব্রাজিল ফুটবল কনফেডারেশন জানায়, এটি গ্রেড-২ পর্যায়ের চোট এবং তিন সপ্তাহের মধ্যে সেরে উঠবেন তিনি—যে সময়সীমা শেষ হয়েছে ১৭ জুন।
এর আগে চোটের কারণে বিশ্বকাপ বাছাইপর্বেও বেশি ম্যাচ খেলতে পারেননি নেইমার, তবে যে কয়েকটি ম্যাচে খেলেছেন তাতে দারুণ প্রভাব রেখেছেন—৪ ম্যাচে ২ গোলের পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ৩ গোল।
হাইতিকে হারানোর পর দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে ‘সি’ গ্রুপের শীর্ষে আছে ব্রাজিল। সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে মরক্কো, যারা একই দিন স্কটল্যান্ডকে ১-০ গোলে হারিয়েছে। ৩ পয়েন্ট নিয়ে তিনে আছে স্কটল্যান্ড।
গ্রুপের শীর্ষস্থান ধরে রাখার লক্ষ্যের কথা জানিয়ে আনচেলত্তি বলেন, স্কটল্যান্ডের নিজস্ব শক্তি আছে যা সমস্যা তৈরি করতে পারে, তাই এই ম্যাচের জন্য ভালোভাবে প্রস্তুতি নিয়ে শান্ত থেকে এগোতে চান তাঁরা।