ছবি: সংগৃহীত

শেষ ১০ মিনিটে নাটকীয়তা, নকআউট নিশ্চিত করল জার্মানি

Share

টরন্টো স্টেডিয়ামে রুদ্ধশ্বাস এক ফুটবল নাটকের সাক্ষী হলো বিশ্বকাপ। ম্যাচের নির্ধারিত সময় শেষ হওয়ার পর শেষ মুহূর্তের নাটকীয় প্রত্যাবর্তনে আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়েছে জার্মানি, যা নিশ্চিত করেছে তাদের নকআউট পর্বের টিকিট।

ম্যাচের ৩০ মিনিটে প্রথম ধাক্কাটা খায় জার্মানি। দিওমান্দে-দিয়ালোদের তৈরি সুযোগ থেকে জোরালো শটে আইভরি কোস্টকে এগিয়ে নেন ফ্রাঙ্ক কেসি। এর আগে-পরে জার্মানি দুইবার বল জালে জড়ালেও ফাউলের কারণে দুটি গোলই বাতিল হয়ে যায়, ফলে প্রথমার্ধে সমতা ফেরাতে পারেনি তারা।

বিরতির পরও শুরুতে কিছুটা চাপে ছিল জার্মানি। তবে ৬০ মিনিটে কোচ জুলিয়ান নাগেলসম্যান একসঙ্গে তিন বদলি নামিয়ে ম্যাচের গতি পাল্টে দেন। এর ফল মেলে ৬৮ মিনিটে—নাদিয়েম আমিরির ক্রস থেকে বক্সের ভেতরে দারুণ ভলিতে সমতা ফেরান বদলি স্ট্রাইকার ডেনিজ উন্দাভ।

৯০ মিনিটে আইভরি কোস্টের সামনে সুবর্ণ সুযোগ এলেও তা কাজে লাগাতে পারেননি আদিংরা। এরপর যোগ করা সময়ের ৯৪ মিনিটে আসে আসল নাটক—ফেলিক্স এনমেচারের দারুণ পাস থেকে বক্সে বল নিয়ন্ত্রণে নিয়ে প্রথম ছোঁয়াতেই জোরালো শটে জয়সূচক গোল করেন উন্দাভ। অফসাইডের প্রশ্ন উঠলেও রিপ্লেতে নিশ্চিত হয় তিনি অনসাইডেই ছিলেন।

পরিসংখ্যানও জার্মানির পক্ষেই কথা বলছে—পুরো ম্যাচে তাদের প্রত্যাশিত গোল ছিল ১.৮৩, আইভরি কোস্টের ১.২৩।

এই জয়ে গ্রুপ ই থেকে নকআউট নিশ্চিত করল জার্মানি, শেষ ম্যাচে ড্র করলেই হবে তারা গ্রুপ চ্যাম্পিয়ন। অন্যদিকে শেষ ম্যাচের ফলাফলের ওপর নির্ভরশীল হয়ে পড়ল আইভরি কোস্টের ভাগ্য। মাত্র ৫৬ মিনিট খেলে এই বিশ্বকাপে ৫ গোলে অবদান রাখা উন্দাভ এখন জার্মানির সবচেয়ে বড় ভরসা—পরের ম্যাচে তাঁকে শুরুর একাদশে দেখা যায় কি না, সেটাই এখন দেখার বিষয়।