সমর্থকদের সামনে ব্রাজিল ও নেদারল্যান্ডসের ফুটবলাররা। ছবি : সংগৃহীত

সুইডেনকে উড়িয়ে ব্রাজিলকে ছাড়িয়ে নতুন রেকর্ড নেদারল্যান্ডসের

Share

বিশ্বকাপের গ্রুপ পর্বে সুইডেনকে ৫-১ গোলে বিধ্বস্ত করে নতুন ইতিহাস গড়েছে নেদারল্যান্ডস। এই জয়ে বিশ্বকাপে টানা ১৪ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়ে ব্রাজিলকে পেছনে ফেলেছে ডাচরা।

উল্লেখ্য, ১৯৫৮ থেকে ১৯৬৬ পর্যন্ত পেলের ব্রাজিল টানা ১৩ ম্যাচ অপরাজিত ছিল, যা এতদিন রেকর্ড হিসেবে টিকে ছিল। নেদারল্যান্ডস সর্বশেষ বিশ্বকাপে হেরেছিল ২০১০ আসরের ফাইনালে, এরপর ২০১৪ ও ২০২২ আসরে টাইব্রেকারে বিদায় নিলেও নির্ধারিত সময়ে কখনো হারেনি দলটি।

হিউস্টনে শনিবার রাত ১১টায় শুরু হওয়া এই ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে নেদারল্যান্ডস। মাত্র ১৭ মিনিটের মধ্যে জোড়া গোল করেন ব্রায়ান ব্রবি—৫ মিনিটে কোডি গাকপোর পাস থেকে এবং ১৭ মিনিটে ডেনজেল ডামফ্রিসের বাড়ানো বল থেকে।

বিরতির পর আরও ভয়ংকর হয়ে ওঠে ডাচরা। ৪৭ মিনিটে ডামফ্রিসের সহায়তায় গোল করেন কোডি গাকপো, এরপর ৫৪ মিনিটে দুর্দান্ত শটে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোলটি করেন তিনি। ৫৯ মিনিটে প্রতি-আক্রমণ থেকে সুইডেনের হয়ে একমাত্র গোলটি শোধ করেন অ্যান্থনি এলাঙ্গা। তবে ৮৭ মিনিটে আরেকটি গোল যোগ করে জয় আরও বড় করেন ক্রিসেনসিও সামারভিল।

এই জয়ে ‘এফ’ গ্রুপে দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে নেদারল্যান্ডস। সমান ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে সুইডেন, ১ ম্যাচে ১ পয়েন্ট নিয়ে তৃতীয় জাপান। আর দুই ম্যাচ খেলেই কোনো পয়েন্ট না পেয়ে তলানিতে রয়েছে তিউনিসিয়া।