ছবি: সংগৃহীত

১১ বলে ফিফটি করে নতুন বিশ্ব রেকর্ড গড়লেন সূর্যবংশী

Share

ব্যাটিংয়ের একের পর এক রেকর্ড নিজের করে নেওয়ার অভিযানে আছেন ভারতের ১৫ বছর বয়সী কিশোর তারকা বৈভব সূর্যবংশী। এবার ৫০ ওভার ক্রিকেটে মাত্র ১১ বলে ফিফটি করে গড়েছেন ‘লিস্ট এ’ ক্রিকেটের দ্রুততম ফিফটির নতুন রেকর্ড।

ডাম্বুলায় ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে ভারত ‘এ’ দলের হয়ে এই কীর্তি গড়েন সূর্যবংশী। স্বাগতিক শ্রীলঙ্কার সঙ্গে ভারত ও আফগানিস্তান ‘এ’ দল নিয়ে আয়োজিত এই সিরিজেই ১৫ জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে এক ভিন্ন ঘটনায় সমালোচিত হয়েছিলেন তিনি, যেখানে প্রতিপক্ষ খেলোয়াড় বিশেন হালাম্বাগেকে ধাক্কা দিয়েছিলেন এই কিশোর।

এবার সেই শ্রীলঙ্কার বিপক্ষেই ১১ বলে পঞ্চাশ ছুঁয়ে ভেঙেছেন শ্রীলঙ্কান ব্যাটসম্যান কৌশল্য বীরারত্নের রেকর্ড, যিনি ২০০৫ সালে ১২ বলে ফিফটি করেছিলেন—যা সূর্যবংশীর জন্মেরও ৬ বছর আগের ঘটনা।

ফিফটির পথে ১০ বলেই বাউন্ডারি মেরেছেন সূর্যবংশী, যার মধ্যে রয়েছে পাঁচটি ছক্কা, মাত্র একটি বল ডট খেলেছেন তিনি। দ্রুততম ফিফটির পর সেঞ্চুরির দিকেও এগোচ্ছিলেন এই কিশোর, তবে সাহান আরাচ্চিগের বলে মিড অফে ক্যাচ দিয়ে আউট হন ২৯ বলে ৯৪ রান করে। ইনিংসে মোট ১০টি চার ও ৮টি ছক্কা মারেন সূর্যবংশী।