গোলের পর সালাহর উদযাপন। ছবি : সংগৃহীত

৯২ বছরের আক্ষেপ ঘুচিয়ে বিশ্বকাপে ইতিহাস গড়ল সালাহর মিসর

Share

বিশ্বকাপের মঞ্চে অবশেষে এল সেই কাঙ্ক্ষিত জয়। দীর্ঘ ৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে নিউজিল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে ইতিহাস গড়েছে মিসর। মোহামেদ সালাহর নেতৃত্বে গ্রুপ জি-তে দারুণ প্রত্যাবর্তনের ম্যাচে নিজেদের প্রথম বিশ্বকাপ জয় তুলে নিয়েছে আফ্রিকার দলটি।

ম্যাচের শুরুতে ধাক্কা খায় মিসর। ১৫ মিনিটে কর্নার থেকে ফিন সারম্যানের হেডে এগিয়ে যায় নিউজিল্যান্ড। প্রথমার্ধ শেষ হয় কিউইদের ১-০ গোলের লিড নিয়ে।

তবে বিরতির পর বদলে যায় ম্যাচের চিত্র। প্রথমে মোস্তাফা জিকোর গোলে সমতা ফেরায় মিসর। এরপর জিকোর পাস থেকে দুর্দান্ত ফিনিশিংয়ে দলকে এগিয়ে দেন সালাহ। শেষদিকে বদলি নেমে মাহমুদ হাসান ত্রেজেগে তৃতীয় গোল করে জয় নিশ্চিত করেন।

এই জয়ের মাধ্যমে শুধু তিন পয়েন্টই নয়, ভাঙল মিসরের বহু বছরের অপেক্ষাও। ১৯৩৪ বিশ্বকাপে শেষবার এক ম্যাচে দুই গোল করার কীর্তি গড়লেও জয় পায়নি তারা। অবশেষে সালাহদের হাত ধরে ৯২ বছর পর বিশ্বকাপের মঞ্চে নতুন ইতিহাস লিখল মিসর।