তিনতন্ত্র স্পোর্টস ডেস্ক: আর্লিং হলান্ডের দুর্দান্ত জোড়া গোলের সুবাদে সেনেগালকে ৩-২ গোলে হারিয়ে ২৮ বছর পর বিশ্বকাপের নকআউট পর্বে উঠেছে নরওয়ে। নিউ জার্সিতে রোমাঞ্চকর এই ম্যাচে সেনেগাল দুটি গোল করে ভালোই লড়াই দিয়েছিল, তবে শেষ পর্যন্ত নরওয়েকে আটকানো যায়নি।
ম্যাচের ৪৩ মিনিটে বদলি ডিফেন্ডার মার্কুস পেদারসেনের গোলে এগিয়ে যায় নরওয়ে। সেনেগালের কালিদু কুলিবালির ভুল পাস কাজে লাগিয়ে বক্সে ঢুকে গোলটি করেন তিনি। বিরতির পর ৪৮ মিনিটে মার্টিন ওডেগার্ডের পাস থেকে হলান্ড করেন তাঁর প্রথম গোল। পাঁচ মিনিটের মধ্যেই সাদিও মানের পাসে গোল শোধ করেন ইসমাইলা সার। এরপর ৫৮ মিনিটে প্যাট্রিক বার্গের পাস থেকে দুর্দান্ত ভলিতে হলান্ড করেন তাঁর দ্বিতীয় গোল। যোগ করা সময়ে সার আরেকটি গোল করলেও শেষ রক্ষা হয়নি সেনেগালের।
এই ম্যাচে হলান্ড বিশ্বকাপে নিজের প্রথম দুই ম্যাচেই একাধিক গোল করা ষষ্ঠ খেলোয়াড় হিসেবে ইতিহাসে নাম লেখালেন। দুই ম্যাচে তাঁর মোট গোল দাঁড়াল চারটিতে। নরওয়ের হয়ে সর্বশেষ ১২ ম্যাচেই গোল করেছেন ম্যানচেস্টার সিটির এই তারকা।
‘আই’ গ্রুপে দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে ফ্রান্স। একই পয়েন্ট পেলেও গোল ব্যবধানে পিছিয়ে দ্বিতীয় স্থানে নরওয়ে। ১৯৯৮ সালের পর এবারই প্রথম বিশ্বকাপে খেলতে নামা নরওয়ে সেবারও গ্রুপ পেরিয়ে নকআউটে উঠেছিল। ২৮ বছরের বিরতি শেষে এবার শেষ ৩২ দলের রাউন্ডে জায়গা নিশ্চিত করল দলটি।