নেইমার জুনিয়র। ছবি : সংগৃহীত

স্কটল্যান্ডের বিপক্ষে কি খেলবেন নেইমার?

Share

বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিল তারকা নেইমারের মাঠে ফেরার সম্ভাবনা জোরালো হয়েছে। কাফের চোটে পাঁচ সপ্তাহ মাঠের বাইরে থাকা এই ফরোয়ার্ড গত সপ্তাহে পূর্ণমাত্রার অনুশীলনে ফিরেছেন এবং সোমবার দলের কৌশলগত অনুশীলনেও অংশ নেন। তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো দেননি কোচ কার্লো আনচেলত্তি।

চোটের কারণে গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে — মরক্কো ও হাইতির বিপক্ষে — নেইমারকে ছাড়াই মাঠে নামতে হয়েছিল ব্রাজিলকে। ২০২৩ সালে উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বে গুরুতর হাঁটুর চোটের পর দীর্ঘ সময় মাঠের বাইরে ছিলেন ৩৪ বছর বয়সী এই তারকা। সৌদি আরব ও ব্রাজিলে ক্লাব ফুটবল খেলতে গিয়ে আরও কয়েকটি চোটে পড়েন তিনি। প্রায় ৬৫০ দিনেরও বেশি সময় জাতীয় দলের বাইরে থাকার পর সম্প্রতি সেলেসাওদের জার্সিতে ফিরেছেন নেইমার।

দলের উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি জানিয়েছেন, অনুশীলনে নেইমারকে দারুণ ছন্দে দেখা গেছে। তিনি বলেন, ‘নেইমারের মান নিয়ে কোনো প্রশ্ন নেই। অনুশীলনে তার তীব্রতা দেখেই বোঝা যায়, সে খেলতে কতটা মুখিয়ে আছে।’

দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘সি’-এর শীর্ষে রয়েছে ব্রাজিল। স্কটল্যান্ড ম্যাচে জয় বা ড্র করলে এবং অন্য ম্যাচে মরক্কো হাইতিকে না হারালে গ্রুপসেরা হিসেবেই নকআউট নিশ্চিত করবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।