তিনতন্ত্র স্পোর্টস ডেস্ক: চিরপ্রতিদ্বন্দ্বী দুই কিংবদন্তি লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো এবার এক অবিশ্বাস্য রেকর্ডে মিলে গেছেন। বিশ্বকাপে তাঁদের প্রথম ও সর্বশেষ গোলের মধ্যে ব্যবধান হুবহু একই — ২০ বছর ১১ দিন।
২০০৬ বিশ্বকাপে ১৬ জুন সার্বিয়ার বিপক্ষে বিশ্বকাপে প্রথম গোল করেন মেসি। গত ২২ জুন অস্ট্রিয়ার বিপক্ষে তাঁর সর্বশেষ গোল। রোনালদো একই বিশ্বকাপে ১৭ জুন ইরানের বিপক্ষে প্রথম গোল করেন। আর উজবেকিস্তানের বিপক্ষে সর্বশেষ গোলে তাঁর প্রথম ও শেষ গোলের ব্যবধানও ঠিক ২০ বছর ১১ দিন। বিশ্বকাপ ইতিহাসে কোনো খেলোয়াড়ের প্রথম ও সর্বশেষ গোলের মধ্যে সর্বোচ্চ সময়ের ব্যবধানের এই রেকর্ড এখন তাঁদের দুজনের।
মিল আরও আছে। বিশ্বকাপে নিজ দেশের সর্বকনিষ্ঠ ও সর্বজ্যেষ্ঠ গোলদাতার বিরল রেকর্ডেও এখন তাঁরা দুজনই। এই ক্লাবে আগে থেকেই ছিলেন ডেনমার্কের কিংবদন্তি মাইকেল লাউড্রপ, যিনি ২১ বছর ৩৫৮ দিন বয়সে প্রথম এবং ৩৪ বছর ৯ দিন বয়সে সর্বশেষ গোল করেন। মেসি অস্ট্রিয়া ম্যাচে সেই ক্লাবে যোগ দেন, আর উজবেকিস্তান ম্যাচে তৃতীয় সদস্য হিসেবে নাম লেখান রোনালদো।
বয়সের পার্থক্যটাও চোখে পড়ার মতো। মেসি বিশ্বকাপে প্রথম গোল করেছিলেন মাত্র ১৮ বছর ৩৫৭ দিন বয়সে, আর সর্বশেষ গোলটি এসেছে ৩৮ বছর ৩৬৩ দিন বয়সে। রোনালদো প্রথম গোল করেছিলেন ২১ বছর ১৩২ দিনে, সর্বশেষটি ৪১ বছর ১৩৮ দিনে।