লুকা মদরিচ। ছবি: সংগৃহীত

মদরিচের ২০০তম ম্যাচে পানামাকে হারিয়ে টিকে রইল ক্রোয়েশিয়া

Share

তিনতন্ত্র স্পোর্টস ডেস্ক: লুকা মদরিচের আন্তর্জাতিক ক্যারিয়ারের ২০০তম ম্যাচে পানামাকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের নকআউটের দৌড়ে টিকে রইল ক্রোয়েশিয়া। টরন্টো স্টেডিয়ামে আন্তে বুদিমিরের ৫৪ মিনিটের একমাত্র গোলে জয় পায় বলকান দলটি। এই হারে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিশ্চিত হলো পানামার।

প্রথমার্ধ গোলশূন্য থাকার পর বিরতিতে কোচ জ্লাতকো দালিচ দুটি বদলি নামান। গাভার্দিওল ও মুসার পরিবর্তে মাঠে আসেন বুদিমির ও ক্রামারিচ। মাত্র ৮ মিনিট পরই ইয়োসিপ স্তানিসিচের ক্রসে পা ছুঁইয়ে গোল করেন বুদিমির। এই গোলে ইতিহাসও গড়েন তিনি — ৩৪ বছর ৩৩৭ দিন বয়সে বিশ্বকাপে ক্রোয়েশিয়ার সবচেয়ে বেশি বয়সী গোলদাতার রেকর্ড এখন তাঁর।

পানামা মরিয়া চেষ্টা করেও ফল পায়নি। দ্বিতীয়ার্ধে দুবার গোলের খুব কাছে পৌঁছে গেলেও গোলকিপার দমিনিক লিভাকোভিচের দুর্দান্ত সেভে রক্ষা পায় ক্রোয়েশিয়া।

‘এল’ গ্রুপে ২ ম্যাচে ৪ পয়েন্ট করে পেয়ে শীর্ষে যথাক্রমে ইংল্যান্ড ও ঘানা। ৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ক্রোয়েশিয়া। আগামী শনিবার শেষ ম্যাচে ঘানাকে হারাতে পারলেই নকআউট নিশ্চিত হবে তাদের।

ম্যাচের আগেই ৪০ বছর বয়সী মদরিচকে স্মারক জার্সি দিয়ে জাতীয় দলের ২০০ ম্যাচের মাইলফলক উদযাপন করে ক্রোয়েশিয়ার ফুটবল ফেডারেশন। ৮১ মিনিটে তাঁকে মাঠ থেকে তুলে নেন কোচ।