৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে নেইমার। ছবি: এএফপি

৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে ফিরলেন নেইমার, গর্জে উঠল গ্যালারি

Share

তিনতন্ত্র স্পোর্টস ডেস্ক: দীর্ঘ ৯৮১ দিনের অপেক্ষার অবসান। স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের ৭৬ মিনিটে মাতেউস কুনিয়ার বদলি হিসেবে মাঠে পা রাখলেন নেইমার। ব্রাজিলের হলুদ জার্সিতে এটাই ছিল তাঁর দীর্ঘ বিরতির পর প্রথম মাঠে নামা। ২০২৩ সালের অক্টোবরের পর আর জাতীয় দলের হয়ে খেলতে পারেননি এই তারকা।

নেইমারের নাম ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে মায়ামি স্টেডিয়াম ‘ওলে, ওলে, নেইমার’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে। হলুদ জার্সির হাজারো সমর্থক যেন সেই পরিচিত দৃশ্যটির জন্যই অপেক্ষা করছিলেন।

চোটের দীর্ঘ যন্ত্রণা পেরিয়ে এই প্রত্যাবর্তন সহজ ছিল না। ২০২৩ সালে উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বে গুরুতর হাঁটুর চোটের পর দীর্ঘ পথ পাড়ি দিতে হয়েছে তাঁকে। সৌদি আরব ও ব্রাজিলে ক্লাব ফুটবলে খেলতে গিয়ে আরও কয়েকটি চোটে পড়েন। এই বিশ্বকাপেও প্রথম দুই ম্যাচে কাফের চোটে মাঠে নামতে পারেননি। তবে দলের সঙ্গে অনুশীলনে ফিরে নিজের প্রস্তুতির প্রমাণ দিয়েছিলেন।

মাঠে নামার পর ব্রাজিলের পুরো আক্রমণভাগটাই যেন নতুন রূপ পেল। দলীয় মুভে সৌন্দর্য ছড়ানোর পাশাপাশি প্রতিপক্ষের বুকে ভয় ধরানোর সেই চেনা খেলা। সীমিত সময়ে একাধিক বিপজ্জনক মুভে অংশ নেন তিনি।

এই বিশ্বকাপে গ্রুপ পর্ব শেষে ৭ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে উঠেছে ব্রাজিল। ২৯ জুন হিউস্টনে শেষ ৩২-এর ম্যাচে মাঠে নামবে সেলেসাওরা। নেইমার সেই ম্যাচে একাদশে থাকবেন কিনা, তা নিয়েই এখন সমর্থকদের সবচেয়ে বড় আগ্রহ।