ছবি: সংগৃহীত

বিশ্বকাপ চলাকালেই টাইব্রেকারের কোন নিয়ম বদলাতে চায় ফিফা?

Share

তিনতন্ত্র স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের নকআউট পর্ব শুরুর আগেই টাইব্রেকারের একটি নিয়ম বদলানোর উদ্যোগ নিয়েছে ফিফা। টুর্নামেন্ট চলাকালেই পরিবর্তনটি কার্যকর করার সম্ভাবনা নিয়ে ফুটবলের আইন প্রণয়ন সংস্থা আইএফএবির সঙ্গে আলোচনা করছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।

বর্তমান নিয়মে টাইব্রেকারের আগে দুটি কয়েন টস হয়। প্রথম টসে ঠিক হয় কোন দল আগে শট নেবে, দ্বিতীয় টসে নির্ধারিত হয় মাঠের কোন প্রান্তে টাইব্রেকার হবে। এতে একটি দল দুই টসই হারলে আগে শট নেওয়ার সুযোগ এবং নিজেদের সমর্থকদের সামনে খেলার সুবিধা — দুটোই হারায়।

গত মাসে উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনালে পিএসজির বিপক্ষে দুই টসেই হেরে যায় আর্সেনাল, পরে টাইব্রেকারেও পরাজিত হয় ক্লাবটি। এমন পরিস্থিতি এড়াতেই নিয়ম বদলের কথা ভাবছে ফিফা।

প্রস্তাবিত নিয়ম অনুযায়ী, একটিমাত্র টস হবে। টসে জেতা দল দুটি সুবিধার যেকোনো একটি বেছে নেবে — হয় আগে শট নেবে, নয়তো নিজেদের সমর্থকদের গ্যালারির সামনে টাইব্রেকার নেওয়ার সুযোগ পাবে। বাকি সুবিধাটি পাবে টসে হারা দল।

তবে এই সুবিধাগুলো সব সময় জয় নিশ্চিত করে না। ২০২২ বিশ্বকাপ ফাইনালে আগে শট নেওয়া ও পছন্দের গোলপোস্ট পাওয়া ফ্রান্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা। আগামী দু-একদিনের মধ্যেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে জানা গেছে।